যুদ্ধবিরতির পর খুলে দেওয়া হলো হরমুজ প্রণালি, জাহাজ চলাচল শুরু

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করা হয়েছে। বুধবার দুই দেশের সমঝোতার পরপরই এ নৌপথ দিয়ে জাহাজ চলাচল শুরু হয়।
বিজ্ঞাপন
জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান ‘মেরিন ট্রাফিক’-এর তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতির পর প্রথম দুটি জাহাজ প্রণালিটি অতিক্রম করেছে। এর একটি গ্রিসের পতাকাবাহী এবং অন্যটি লাইবেরিয়ার পতাকাবাহী।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, গ্রিক মালিকানাধীন পণ্যবাহী জাহাজ ‘এনজে আর্থ’ আন্তর্জাতিক সময় অনুযায়ী সকাল ৮টা ৪৪ মিনিটে হরমুজ পার হয়। অন্যদিকে লাইবেরিয়ার পতাকাবাহী ‘ডেটোনা বিচ’ ভোরে বন্দর আব্বাস থেকে যাত্রা শুরু করে সকাল ৬টা ৫৯ মিনিটে প্রণালিটি অতিক্রম করে।
বিজ্ঞাপন
যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবেই হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়টি অন্তর্ভুক্ত ছিল। সেই অনুযায়ী ইরান আবারও এই গুরুত্বপূর্ণ নৌপথে জাহাজ চলাচল স্বাভাবিক করেছে। তবে নতুন করে জাহাজ চলাচলের ক্ষেত্রে টোল আদায়ের সিদ্ধান্ত নিয়েছে তেহরান।
প্রথমে ধারণা করা হয়েছিল, প্রণালীর প্রবেশমুখে থাকা ওমানও টোল নেবে। কিন্তু পরে দেশটি জানায়, তাদের জলসীমা দিয়ে চলাচলকারী জাহাজ থেকে কোনো অর্থ নেওয়া হবে না।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পরই হরমুজ প্রণালি বন্ধ করে দেয় ইরান। এর আগে এটি আন্তর্জাতিক জলসীমা হিসেবে বিবেচিত হওয়ায় জাহাজ চলাচলে কোনো ধরনের অর্থ নেওয়া হতো না।
বিজ্ঞাপন
সূত্র: এএফপি








