লেবাননে যুদ্ধ অব্যাহত রাখার ঘোষণা ইসরায়েলের, চাপে নেতানিয়াহু

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হলেও লেবাননের সীমান্তে হামলা চালানোর বিষয়ে অনড় অবস্থান নিয়েছে ইসরায়েল। শুরু থেকেই তেল আবিব প্রশাসন ইরান ও হিজবুল্লাহর ফ্রন্ট আলাদা করে দেখার চেষ্টা করছে এবং যুদ্ধবিরতির বাইরে লেবাননে অভিযান চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে।
বিজ্ঞাপন
যুদ্ধবিরতির পর থেকেই ইসরায়েলি বিমান হামলার তীব্রতা বহুগুণ বৃদ্ধি পেয়েছে। এর প্রতিক্রিয়ায় হিজবুল্লাহ সীমিত রকেট হামলা চালিয়েছে, তবে বিশ্লেষকরা মনে করছেন, ইসরায়েল এই পরিস্থিতি ব্যবহার করে লেবাননে উত্তেজনা প্রশমনের প্রচেষ্টা নস্যাৎ করতে চাচ্ছে।
ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, হিজবুল্লাহর সক্ষমতাকে তারা শুরুতে অবমূল্যায়ন করেছিল। হিজবুল্লাহ এখন হাজার হাজার যোদ্ধা ও শত শত রকেট নিয়ে সক্রিয় অবস্থানে রয়েছে। এই যুক্তিকে ঢাল হিসেবে ব্যবহার করে ইসরায়েল লেবাননে সামরিক অভিযান অব্যাহত রাখছে।
বিজ্ঞাপন
অভ্যন্তরীণ রাজনীতিতেও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তীব্র চাপের মুখে। ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ধ্বংস এবং ইউরেনিয়াম দখলের প্রতিশ্রুতি বাস্তবে পূরণ করা সম্ভব হয়নি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ব্যর্থতা ৭ অক্টোবরের নিরাপত্তা বিপর্যয়ের চেয়েও নেতানিয়াহুর জন্য বেশি ক্ষতিকর। বিরোধীদলীয় নেতা ইয়ার ল্যাপিড ইতোমধ্যেই জনসমক্ষে নেতানিয়াহুর সমালোচনা শুরু করেছেন।
বর্তমানে নেতানিয়াহুর সামনে বড় চ্যালেঞ্জ হলো, ভবিষ্যতে এই ব্যর্থতা ঢাকার জন্য কৌশল কী হবে।
সূত্র: আল-জাজিরা








