Logo

যুদ্ধবিরতিতে লেবাননকেও অন্তর্ভুক্ত করতে হবে : দাবি তিন দেশের

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৯ এপ্রিল, ২০২৬, ১৪:১২
যুদ্ধবিরতিতে লেবাননকেও অন্তর্ভুক্ত করতে হবে : দাবি তিন দেশের
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ঘোষিত যুদ্ধবিরতি শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়, বরং লেবাননসহ পুরো অঞ্চলে এটি কার্যকর হতে হবে বলে দাবি জানিয়েছেন যুক্তরাজ্য, ফ্রান্স ও অস্ট্রেলিয়ার শীর্ষ নেতারা।

বিজ্ঞাপন

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার বলেছেন, লেবাননকেও অন্তর্ভুক্ত না করলে যুদ্ধবিরতি কার্যকর হবে না, কারণ সেখানে ইসরায়েল এখনও প্রাণঘাতী হামলা চালাচ্ছে। তিনি আরও উল্লেখ করেন, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল সম্পূর্ণ টোলমুক্ত রাখতে হবে এবং ইরানের ফি আরোপের যে সম্ভাবনা রয়েছে তা বরদাস্ত করা হবে না।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জানিয়েছেন, তিনি ইরান ও যুক্তরাষ্ট্রের নেতাদের সঙ্গে কথা বলেছেন এবং আশা প্রকাশ করেছেন, লেবাননসহ সব সংঘাতপূর্ণ এলাকায় যুদ্ধবিরতি কার্যকর হবে। তিনি বলেন, লেবাননকে অন্তর্ভুক্ত করা না হলে চুক্তি বিশ্বাসযোগ্য ও স্থায়ী হবে না। ম্যাক্রোঁ আরও বলেন, যেকোনো চুক্তিতে ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি, আঞ্চলিক নীতি এবং হরমুজ প্রণালিতে নৌ চলাচলের বিষয়গুলোও বিবেচনায় আনা জরুরি।

বিজ্ঞাপন

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজও বলেছেন, যুদ্ধবিরতি অবশ্যই লেবাননে প্রযোজ্য হওয়া উচিত। তিনি সতর্ক করেছেন, যদিও যুদ্ধবিরতি একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি, এটি এখনও ভঙ্গুর এবং একে স্থায়ী চুক্তিতে রূপ দিতে হবে।

এদিকে, বুধবার লেবাননে ইসরায়েলি বিমান হামলায় অভূতপূর্ব ধ্বংসযজ্ঞ দেখা গেছে। আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, মাত্র ১০ মিনিটে লেবাননের বিভিন্ন এলাকায় ১০০টি বিমান হামলা চালানো হয়েছে। বৈরুতের অনেক অঞ্চল লক্ষ্যবস্তু করা হলেও হিজবুল্লাহর সঙ্গে সেগুলোর কোনো সংযোগ নেই। এই হামলায় অন্তত ২৫৪ জন নিহত এবং ১,১৬৫ জন আহত হয়েছেন, জানিয়েছে লেবাননের সিভিল ডিফেন্স।

ইরানও হুঁশিয়ারি দিয়েছে, লেবাননে হামলা অব্যাহত থাকলে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি থেকে নিজেদের প্রত্যাহার করবে।

বিজ্ঞাপন

সূত্র: আল-জাজিরা

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD