চাকরি ছেড়ে চালের ব্যবসা, বছরে আয় ২৫ লাখ

করপোরেট প্রতিষ্ঠানে চাকরির সুযোগ পেয়েও তা ছেড়ে নিজের ব্যবসা শুরু করেছিলেন ভারতের এক তরুণ। শুরুতে অনেকেই তার সিদ্ধান্তকে ভুল বলে মনে করলেও এখন চালের ব্যবসা থেকেই বছরে প্রায় ২৫ লাখ রুপি আয় করছেন তিনি। সম্প্রতি তার সাফল্যের গল্প সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
বিজ্ঞাপন
ভারতীয় তরুণটির এই গল্প সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করেন তার বন্ধু অঙ্কিত পাণ্ডে। পোস্টটি প্রকাশের পর দ্রুতই তা ভাইরাল হয়ে যায়।
জানা গেছে, টাটা কনসালটেন্সি সার্ভিসেস (টিসিএস) থেকে চাকরির প্রস্তাব পেয়েও তা গ্রহণ করেননি ওই তরুণ। পরিবর্তে তিনি নিজস্ব উদ্যোগে চালের ব্যবসা শুরু করেন। বর্তমানে সেই ব্যবসা থেকেই বছরে প্রায় ২৫ লাখ রুপি আয় করছেন বলে দাবি করা হয়েছে।
অঙ্কিত পাণ্ডের ভাষ্য, ক্যাম্পাস প্লেসমেন্টের চাকরি ফিরিয়ে দেওয়ার পর তার বন্ধুকে অনেক সমালোচনার মুখে পড়তে হয়েছিল। তবে তিনি বিভিন্ন গ্রামের কৃষকদের কাছ থেকে সরাসরি চাল সংগ্রহ করে নিজস্ব ব্যবসা গড়ে তোলেন।
বিজ্ঞাপন
বর্তমানে ওই উদ্যোক্তা কৃষকদের কাছ থেকে চাল কিনে তা পরিষ্কার ও প্রক্রিয়াজাত করে নিজের ব্র্যান্ডে প্যাকেটজাত করেন। এরপর প্রায় ২০০টি খুচরা দোকানে এসব চাল সরবরাহ করা হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
অঙ্কিতের দেওয়া তথ্য অনুযায়ী, কৃষকদের কাছ থেকে প্রতি কেজি চাল ৩৫ রুপিতে কেনা হয়। এর সঙ্গে প্যাকেজিং বাবদ ৩ রুপি এবং পরিবহন খরচ ২ রুপি যোগ হয়ে মোট ব্যয় দাঁড়ায় প্রতি কেজি ৪০ রুপি।
পরে সেই চাল খুচরা বিক্রেতাদের কাছে প্রতি কেজি ৫০ রুপিতে বিক্রি করা হয়। খুচরা বিক্রেতারা গ্রাহকদের কাছে তা ৫৫ থেকে ৫৭ রুপিতে বিক্রি করেন। ফলে প্রতি কেজিতে তাদের প্রায় ১০ রুপি লাভ থাকে।
বিজ্ঞাপন
তিনি আরও জানান, বর্তমানে প্রতি মাসে প্রায় ২০০ কুইন্টাল বা ২০ হাজার কেজি চাল বিভিন্ন খুচরা বিক্রেতার কাছে সরবরাহ করা হয়। এই হিসাবের ভিত্তিতেই তিনি বন্ধুর বার্ষিক আয় প্রায় ২৫ লাখ রুপি বলে উল্লেখ করেছেন।
তবে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এই তথ্য ও আর্থিক হিসাব স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। তারপরও ঘটনাটি নিয়ে নেটদুনিয়ায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘জীবনে যত বড় ঝুঁকি নেওয়া যায়, সফলতার সম্ভাবনাও তত বেশি।’ আরেকজন লিখেছেন, ‘ডিগ্রি থাকুক বা না থাকুক, সাহস করে নিজের লক্ষ্য অনুসরণ করতে পারাই আসল বিষয়।’
বিজ্ঞাপন
সূত্র: এনডিটিভি








