যুক্তরাষ্ট্রে খাবার উৎসবে ভয়াবহ বন্দুক হামলা, নিহত ২

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের সিয়াটল শহরে অনুষ্ঠিত একটি জনপ্রিয় খাবার উৎসবে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এলোপাতাড়ি গুলিবর্ষণে অন্তত দুজন নিহত হয়েছেন। এ ছাড়া আরও পাঁচজন আহত হয়েছেন, যাদের মধ্যে একটি ছোট শিশুও রয়েছে। আকস্মিক এই হামলার পর উৎসবস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং প্রাণ বাঁচাতে ছোটাছুটি শুরু করেন উপস্থিত মানুষ।
বিজ্ঞাপন
স্থানীয় সময় রবিবার (২৬ জুলাই) সন্ধ্যায় সিয়াটলের পরিচিত স্থাপনা ‘স্পেস নিডল’ টাওয়ারের কাছে অবস্থিত ‘সিয়াটল সেন্টার’ প্রাঙ্গণে আয়োজিত উৎসব চলাকালে এ হামলার ঘটনা ঘটে।
সিয়াটল অগ্নিনির্বাপণ বিভাগের এক মুখপাত্র জানিয়েছেন, বন্দুক হামলায় ঘটনাস্তলেই দুজনের মৃত্যু হয়েছে। হামলার সময় উৎসবে আসা সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পুলিশ জানায়, রবিবার সন্ধ্যা প্রায় ছয়টার দিকে সিয়াটল সেন্টারে চলমান ‘বাইট অব সিয়াটল’ খাবার উৎসবে হঠাৎ গুলির ঘটনা ঘটে। খবরের পর বিপুলসংখ্যক পুলিশ সদস্য, দমকলকর্মী ও জরুরি সেবা দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত পুরো এলাকা খালি করে নিরাপত্তাবলয় গড়ে তোলে। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে পুলিশ। সিয়াটল সিটির কেন্দ্রের উত্তর-পশ্চিমে অবস্থিত ওই এলাকাটি সাময়িকভাবে এড়িয়ে চলতে সাধারণ মানুষকে অনুরোধ করা হয়েছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
হারবারভিউ মেডিকেল সেন্টারের মুখপাত্র সুসান গ্রেগ জানান, তাদের হাসপাতালে চারজন আহতকে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে এক ছোট শিশু, ২৩ বছর বয়সী এক তরুণ এবং দুজন প্রাপ্তবয়স্ক নারী রয়েছেন। ভর্তি হওয়া আহত ব্যক্তিদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
ঘটনার সময় উৎসবে উপস্থিত থাকা এস্তান ওয়াকোনাবো নামের এক প্রত্যক্ষদর্শী ভয়াবহ অভিজ্ঞতার কথা বর্ণনায় বলেন, তিনি ও তার বান্ধবী একটি ফটো বুথের সামনে লাইনে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ আশপাশের মানুষ প্রাণ বাঁচাতে দৌড়াদৌড়ি শুরু করে।
বিজ্ঞাপন
তিনি বলেন, ‘মানুষ নিরাপদ জায়গায় লুকানোর চেষ্টা করছিল। সবাই একে অন্যকে ধাক্কা দিচ্ছিল, অনেকে মাটিতে পড়ে যাচ্ছিল। এমনকি শিশুদের ঠেলাগাড়িও উল্টে যায়।’
ওয়াকোনাবো আরও বলেন, ‘আমি যখন পরপর গুলির শব্দ শুনলাম, তখনই বুঝতে পারলাম কোনো বন্দুকধারী আক্রমণ চালিয়েছে।’ তিনি প্রথমে বান্ধবীকে একটি নিরাপদ স্থানে সরিয়ে নেন এবং পরে ফিরে এসে মাটিতে একাধিক আহত ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন।
উল্লেখ্য, ‘বাইট অব সিয়াটল’ সিয়াটল শহরের অন্যতম বৃহৎ ও ঐতিহ্যবাহী খাবার উৎসব হিসেবে পরিচিত। ১৯৮২ সালে যাত্রা শুরু হওয়া তিন দিনব্যাপী এই আয়োজন প্রতিবছর বিপুলসংখ্যক দর্শনার্থীকে আকর্ষণ করে। আয়োজকদের তথ্য অনুযায়ী, প্রতি বছর প্রায় সাড়ে তিন লাখ মানুষ এই উৎসবে অংশ নিয়ে বিভিন্ন ধরনের খাবার ও সাংস্কৃতিক আয়োজন উপভোগ করেন।








