শুভেন্দুর আসনে ভোটার তালিকা থেকে বাদ পড়া ৯৫ শতাংশই মুসলিম

পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম বিধানসভা আসনে ভোটার তালিকা সংশোধনের পর নতুন পরিসংখ্যানে চাঞ্চল্য তৈরি হয়েছে। বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর এই আসনে এবার ভোটার তালিকা থেকে নাম বাদ পড়াদের বড় অংশই মুসলিম সম্প্রদায়ের বলে তথ্য প্রকাশ করেছে ভারতের জাতীয় নির্বাচন কমিশন।
বিজ্ঞাপন
২০২১ সালের নির্বাচনে এই আসনে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জীকে পরাজিত করেন শুভেন্দু অধিকারী। আসন্ন নির্বাচনে তিনি আবারও বিজেপির প্রার্থী হলেও তৃণমূল এবার পবিত্র করকে প্রার্থী করেছে।
নির্বাচনের আগে বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এর পর প্রকাশিত ‘সাপ্লিমেন্টারি তালিকা’ ঘিরে দেখা যায়, নন্দীগ্রামে বাদ পড়া ভোটারদের মধ্যে মুসলিমদের হার উল্লেখযোগ্যভাবে বেশি।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, নন্দীগ্রাম আসনের মোট জনসংখ্যার প্রায় ২৫ শতাংশ মুসলিম হলেও সাম্প্রতিক তালিকায় নাম বাদ পড়াদের মধ্যে ৯৫ দশমিক ৫ শতাংশই মুসলিম ভোটার। অমুসলিম ভোটার বাদ পড়েছেন মাত্র ৪ দশমিক ৫ শতাংশ।
বিজ্ঞাপন
তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ডিসেম্বর মাসে প্রথম পর্যায়ের তালিকায় ১০ হাজার ৬০৪ জনের নাম বাদ পড়ে, যেখানে ৬৬ দশমিক ৭ শতাংশ ছিলেন অমুসলিম এবং ৩৩ দশমিক ৩ শতাংশ মুসলিম।
কিন্তু সর্বশেষ ‘সাপ্লিমেন্টারি তালিকায়’ ২ হাজার ৮২৬ জনের নাম বাদ পড়েছে। এর মধ্যে ২ হাজার ৭০০ জন মুসলিম এবং ১২৬ জন অমুসলিম। শতাংশের হিসাবে এটি যথাক্রমে ৯৫ দশমিক ৫ এবং ৪ দশমিক ৫ শতাংশ।
বিজ্ঞাপন
নতুন এই পরিসংখ্যান প্রকাশের পর মাত্র কয়েক মাসের ব্যবধানে কীভাবে এমন পরিবর্তন ঘটল এবং কেন নির্দিষ্ট একটি সম্প্রদায়ের ভোটারদের নাম বেশি বাদ পড়ল—তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও বিতর্ক শুরু হয়েছে।








