দুই দেশের মধ্যে অস্থায়ী যুদ্ধবিরতি ভালোভাবেই কার্যকর রয়েছে: ট্রাম্প

ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে বৈঠক ব্যর্থ হলেও দুই দেশের মধ্যে ঘোষিত অস্থায়ী যুদ্ধবিরতি এখনো কার্যকর রয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল ফ্লোরিডায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
বিজ্ঞাপন
সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ইসলামাবাদের আলোচনা ফলপ্রসূ না হলেও ১৪ দিনের অস্থায়ী যুদ্ধবিরতি বহাল থাকবে। তার ভাষায়, “এটা খুব ভালোভাবেই কার্যকর থাকবে। তাদের সেনাবাহিনী ধ্বংস হয়ে গেছে, তাদের পুরো নৌবাহিনী এখন পানির নিচে।”
গত কয়েক দশক ধরে ইরানের পারমাণবিক কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র কার্যক্রমকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির উত্তেজনা চলছে। এ ইস্যুতে গত ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত ২১ দিন তেহরান–ওয়াশিংটন সংলাপ হলেও কোনো চুক্তি ছাড়াই তা শেষ হয়।
বিজ্ঞাপন
এরপর ২৮ ফেব্রুয়ারি ইরানে ‘অপারেশন এপিক ফিউরি’ নামে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র, একই সময়ে ইসরায়েলও ‘অপারেশন রোয়ারিং লায়ন’ পরিচালনা করে। ওই দিন থেকেই সংঘাত আরও তীব্র হয়।
পরবর্তীতে ৭ এপ্রিল দুই পক্ষ যুদ্ধবিরতি ঘোষণা করে। তার ধারাবাহিকতায় ১১ এপ্রিল পাকিস্তানের ইসলামাবাদে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে দীর্ঘ ২১ ঘণ্টার আলোচনা অনুষ্ঠিত হলেও শেষ পর্যন্ত কোনো সমঝোতা চুক্তি হয়নি।
সূত্র : সিএনএন








