ইসলামাবাদ চুক্তি থেকে “কয়েক ইঞ্চি দূরে ছিলাম”: আরাগচি

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ অবসানের লক্ষ্যে ইসলামাবাদে অনুষ্ঠিত সংলাপে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরের একেবারে কাছাকাছি পৌঁছে গিয়েছিল ইরান—এমন দাবি করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি। তবে শেষ মুহূর্তে মার্কিন প্রতিনিধিদের কঠোর অবস্থান, আলোচনার ইস্যু পরিবর্তন এবং অবরোধের কারণে সেই প্রক্রিয়া ভেস্তে যায়।
বিজ্ঞাপন
রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ৪৭ বছর পর প্রথম সরাসরি ও নিবিড় সংলাপে ইরান আন্তরিকভাবে অংশ নেয় এবং মূল লক্ষ্য ছিল যুদ্ধের অবসান।
আরাগচি আরও লেখেন, “আমরা যখন ইসলামাবাদ মেমোর্যান্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং (এমওইউ) স্বাক্ষরের মাত্র কয়েক ইঞ্চি দূরে ছিলাম, তখনই অপর পক্ষের চরম অবস্থান, আলোচনার লক্ষ্য পরিবর্তন এবং নতুন অবরোধ পরিস্থিতিকে অচল করে দেয়।”
বিজ্ঞাপন
তিনি হতাশা প্রকাশ করে বলেন, “এই সংলাপ থেকে আমাদের শিক্ষা ও অর্জন শূন্য। সদিচ্ছা থেকেই সদিচ্ছা জন্মায়, আর শত্রুতা শত্রুতাকেই ডেকে আনে।”
দীর্ঘদিন ধরে ইরানের পরমাণু কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা চলছে। চলতি বছরের ৬ থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত দুই পক্ষের মধ্যে ২১ দিনের আলোচনা হলেও কোনো সমঝোতা হয়নি। এরপর ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন সামরিক অভিযান শুরু হয় এবং একই সময়ে ইসরায়েলও পৃথক হামলা চালায় বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ রয়েছে।
পরবর্তীতে কূটনৈতিক উদ্যোগে ৭ এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। এর ধারাবাহিকতায় ১১ এপ্রিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে দীর্ঘ ২১ ঘণ্টার বৈঠক অনুষ্ঠিত হলেও শেষ পর্যন্ত কোনো চুক্তি হয়নি।
বিজ্ঞাপন
সূত্র: এএফপি, ডন








