যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্ডি বার্নহাম: বিবিসি

যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির নেতৃত্বের দৌড়ে বড় ধরনের ব্যবধান তৈরি করেছেন অ্যান্ডি বার্নহাম। দলটির অধিকাংশ এমপির সমর্থন পাওয়ায় পরবর্তী দলীয় প্রধান এবং প্রধানমন্ত্রী হিসেবে তার দায়িত্ব নেওয়া এখন সময়ের অপেক্ষা বলেই মনে করা হচ্ছে।
বিজ্ঞাপন
প্রথম দফার মনোনয়ন গণনায় লেবার পার্টির ৪০৩ জন এমপির মধ্যে ৩২২ জন গ্রেটার ম্যানচেস্টারের সাবেক মেয়র অ্যান্ডি বার্নহামের পক্ষে সমর্থন দিয়েছেন। ফলে বর্তমান প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের উত্তরসূরি হিসেবে তার অবস্থান আরও শক্ত হয়েছে।
দলীয় প্রধান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে একজন প্রার্থীর অন্তত ৩২৩ জন এমপির সমর্থন প্রয়োজন। সেই হিসাবে প্রয়োজনীয় সংখ্যার থেকে মাত্র একজন এমপির সমর্থন কম রয়েছে বার্নহামের। তবে কয়েকজন এমপি জানিয়েছেন, বৃহস্পতিবার ভোট দিতে না পারলেও পার্লামেন্টে ফিরে তারা বার্নহামের পক্ষেই সমর্থন দেবেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
দলীয় নেতৃত্বের প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহী প্রার্থীদের আগামী বুধবারের মধ্যে অন্তত ৮১ জন লেবার এমপির সমর্থন নিশ্চিত করতে হবে। যদি নতুন কোনো প্রতিদ্বন্দ্বী মাঠে না নামেন, তাহলে আগামী সপ্তাহেই বার্নহামকে লেবার পার্টির নতুন নেতা ঘোষণা করা হতে পারে। সে ক্ষেত্রে আগামী ২০ জুলাই তিনি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। কয়েক সপ্তাহ আগে মেকারফিল্ডের উপনির্বাচনে জয় পাওয়া বার্নহামের জন্য এটি হবে রাজনৈতিক জীবনের বড় উত্থান।
সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানিয়ে এক বিবৃতিতে বার্নহাম বলেন, এমপিদের এই আস্থা যুক্তরাজ্যের রাজনীতিতে নতুন ধরনের দৃষ্টিভঙ্গির প্রতি সম্মিলিত বিশ্বাসের প্রতিফলন। তিনি ওয়েস্টমিনস্টারের ক্ষমতা বিকেন্দ্রীকরণের মাধ্যমে সাধারণ মানুষের অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করার প্রত্যয়ও ব্যক্ত করেন।
মে মাসের স্থানীয় নির্বাচনে লেবার পার্টির ভরাডুবি এবং মেকারফিল্ড উপনির্বাচনে বার্নহামের বিজয়ের পর থেকেই কিয়ার স্টারমারের ওপর পদত্যাগের চাপ বাড়তে থাকে। বার্নহাম এমপি হিসেবে শপথ নেওয়ার দিনই স্টারমার পদত্যাগের ঘোষণা দেন।
বিজ্ঞাপন
নেতৃত্বের লড়াইয়ে বার্নহামের পথ আরও সহজ হয়ে যায় বুধবার, যখন সাবেক প্রতিরক্ষামন্ত্রী আল কার্নস প্রতিযোগিতা থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন। এর আগে ২০১০ ও ২০১৫ সালে লেবার নেতৃত্বের লড়াইয়ে ব্যর্থ হওয়া বার্নহাম এবার মনোনয়ন নিশ্চিত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছিলেন, ‘আশা করি তৃতীয়বারে ভাগ্য খুলবে।’
দীর্ঘ সময় ওয়েস্টমিনস্টারের বাইরে দায়িত্ব পালন করায় নতুন এমপিদের সঙ্গে সম্পর্ক জোরদারে আগামী সোমবার পার্লামেন্টারি বৈঠকে অংশ নিয়ে তাদের প্রশ্নের উত্তর দেবেন বার্নহাম। একই সঙ্গে ক্যাবিনেট সেক্রেটারি অ্যান্টোনিও রোমিওর তত্ত্বাবধানে সিভিল সার্ভিস কর্মকর্তাদের সঙ্গে নীতিনির্ধারণী আলোচনাও চালিয়ে যাচ্ছেন তিনি। পদত্যাগী প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারও তাকে একজন দক্ষ নেতৃত্বের অধিকারী হিসেবে প্রশংসা করেছেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
নিজের নীতিগত পরিকল্পনায় বার্নহাম ম্যানচেস্টারে ডাউনিং স্ট্রিটের একটি নতুন ইউনিট প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছেন, যার মাধ্যমে আবাসন ও পরিবহন খাতে স্থানীয় সরকারকে আরও বেশি স্বায়ত্তশাসন দেওয়া হবে। পাশাপাশি পানি ও জ্বালানি খাত জনগণের নিয়ন্ত্রণে আনার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক ভিডিও বার্তায় গাজায় ইসরায়েলের সামরিক অভিযান নিয়ে লেবার পার্টির প্রাথমিক অবস্থানের জন্য দুঃখ প্রকাশ করেন বার্নহাম। তিনি এ বিষয়ে নীতিগত পরিবর্তনের আশ্বাস দেন। এছাড়া এক সাক্ষাৎকারে তিনি জানান, স্টারমারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জোনাথন পাওয়েলকে দায়িত্বে বহাল রাখা হবে এবং প্রতিরক্ষা ব্যয় ও সামরিক ক্রয় প্রক্রিয়ায় আরও স্বচ্ছতা নিশ্চিত করা হবে।
সূত্র: বিবিসি








