রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করল যুক্তরাজ্য

ইংলিশ চ্যানেল অতিক্রমের চেষ্টা করা রাশিয়ার ‘শ্যাডো ফ্লিট’-এর একটি তেলবাহী ট্যাংকার জব্দ করেছে যুক্তরাজ্যের সশস্ত্র বাহিনী। বিষয়টি নিশ্চিত করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।
বিজ্ঞাপন
রবিবার (১৪ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে স্টারমার বলেন, এই অভিযান রাশিয়ার বিরুদ্ধে আরেকটি সফল পদক্ষেপ। একই সঙ্গে এটি ইউক্রেন যুদ্ধকে অর্থায়নকারীদের জন্য স্পষ্ট বার্তা—তাদের কার্যক্রম আড়াল করা সম্ভব হবে না।
যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও রোববার ভোরে ‘স্মিরতোস’ নামের ওই জাহাজটি জব্দ করার বিষয়টি নিশ্চিত করে।
বিজ্ঞাপন
ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী ড্যান জারভিস এক বিবৃতিতে বলেন, এ ধরনের অভিযান পরিচালনায় উচ্চমাত্রার দক্ষতা, পেশাদারিত্ব ও সাহস প্রয়োজন। এতে অংশ নেওয়া সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি তিনি কৃতজ্ঞতা জানান।
তিনি আরও বলেন, ইউক্রেন যুদ্ধ চালিয়ে যেতে রাশিয়া যে ‘শ্যাডো ফ্লিট’-এর ওপর নির্ভর করছে, এই জাহাজ আটক সেই অর্থায়ন ব্যবস্থায় বড় ধাক্কা।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, অভিযানটি প্রায় ছয় ঘণ্টা ধরে চলে। জব্দ করা জাহাজটিকে বর্তমানে ইংল্যান্ডের দক্ষিণ উপকূলের কাছে একটি নোঙর এলাকায় রাখা হয়েছে, যেখানে পরিবেশ ও নিরাপত্তা ঝুঁকি পরীক্ষা করা হচ্ছে।
বিজ্ঞাপন
এর আগে গত মাসে ফ্রান্সের সহায়তায় যুক্তরাজ্যের সমর্থনে ফরাসি নৌবাহিনীও একটি সন্দেহভাজন রুশ ট্যাংকার আটক করে, যা ভুয়া ক্যামেরুন পতাকা ব্যবহার করছিল বলে অভিযোগ ছিল।
এরও আগে জানুয়ারিতে ‘গ্রিঞ্চ’ নামের আরেকটি রুশ ট্যাংকার এবং মার্চে ‘দেইনা’ নামের একটি জাহাজকে বিভিন্ন অভিযোগে ইউরোপীয় বন্দরে আটক করা হয়।
বিজ্ঞাপন
বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়াতে রাশিয়া শত শত জাহাজ নিয়ে একটি ‘শ্যাডো ফ্লিট’ ব্যবহার করছে। এই বহরের মাধ্যমে তেল রপ্তানি থেকে আয় করে ইউক্রেন যুদ্ধের ব্যয় মেটাচ্ছে মস্কো।
যুক্তরাজ্যসহ পশ্চিমা দেশগুলো এই নিষেধাজ্ঞা এড়ানো নৌবহরের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে।
সূত্র: আল-জাজিরা








