Logo

পালিয়ে বিয়ে করায় পুলিশের সামনে মেয়েকে হত্যা করল বাবা-মা

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৪ জুন, ২০২৬, ১৩:৫০
পালিয়ে বিয়ে করায় পুলিশের সামনে মেয়েকে হত্যা করল বাবা-মা
ছবি: সংগৃহীত

প্রেমের সম্পর্ক থেকে পালিয়ে বিয়ে করার ঘটনায় এক তরুণীকে থানার ভেতরেই পুলিশের সামনে ছুরিকাঘাতে হত্যা করার অভিযোগ উঠেছে তার বাবা-মায়ের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের বান্দা জেলায়।

বিজ্ঞাপন

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি রবিবার (১৪ জুন) জানায়, ১৯ বছর বয়সী শিবানি নামের ওই তরুণী প্রতিবেশী ললিত ভার্মার সঙ্গে গত ১৮ মে বাড়ি থেকে পালিয়ে যান। পরে তারা একটি মন্দিরে বিয়ে করেন এবং আইনি নথিপত্র অনুযায়ী রেজিস্ট্রিও সম্পন্ন করেন।

এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে শিবানির বাবা-মা মেয়েকে অপহরণ করা হয়েছে অভিযোগ তুলে ললিত ভার্মার বিরুদ্ধে মামলা করেন। সেই মামলার ভিত্তিতে পুলিশ গত শুক্রবার মধ্যপ্রদেশের সাতনা এলাকা থেকে ওই দম্পতিকে শনাক্ত করে এবং জিজ্ঞাসাবাদের জন্য বান্দা থানায় নিয়ে আসে।

বিজ্ঞাপন

জিজ্ঞাসাবাদের সময় দম্পতি পুলিশকে জানান, তারা স্বেচ্ছায় বিয়ে করেছেন এবং প্রয়োজনীয় প্রমাণও উপস্থাপন করেন।

এরপর পুলিশের পক্ষ থেকে শিবানির মেডিকেল পরীক্ষা ও আনুষ্ঠানিক জবানবন্দি নেওয়ার প্রস্তুতি চলছিল। ঠিক সেই সময় থানায় উপস্থিত হন শিবানির বাবা-মা। তারা মেয়েকে বাড়ি ফিরে যেতে চাপ দিতে থাকেন, কিন্তু শিবানি স্বামীর সঙ্গেই থাকার সিদ্ধান্তে অনড় থাকে।

বিজ্ঞাপন

এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ অনুযায়ী, শিবানির মা তাকে পেছন থেকে ধরে রাখেন এবং বাবা ধারালো অস্ত্র দিয়ে একাধিকবার আঘাত করেন। ঘটনাটি থানার ভেতরেই পুলিশের উপস্থিতিতে ঘটে, যা দেখে তারা হতবাক হয়ে যান।

পরে গুরুতর আহত অবস্থায় শিবানিকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনার পর শিবানির বাবাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন বান্দা পুলিশ সুপার পলাশ বনশাল।

সূত্র: এনডিটিভি

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD