Logo

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আজ চুক্তি সই হবে, বললেন ট্রাম্প

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৪ জুন, ২০২৬, ১৩:০৬
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আজ চুক্তি সই হবে, বললেন ট্রাম্প
ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ চুক্তি আজ রবিবার স্বাক্ষরিত হতে পারে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এ বিষয়ে ভিন্ন অবস্থানের কথা জানিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড। তাদের দাবি, আলোচনায় অগ্রগতি হলেও সমঝোতা স্মারক এখনো চূড়ান্ত হয়নি এবং চুক্তি স্বাক্ষরের বিষয়ে ট্রাম্প অস্বাভাবিক তাড়াহুড়া করছেন।

বিজ্ঞাপন

বিপ্লবী গার্ডের পক্ষ থেকে বলা হয়েছে, ১৪ জুন ট্রাম্পের জন্মদিন হওয়ায় তিনি হয়তো এই চুক্তিকে রাজনৈতিক ও প্রচারণামূলক সাফল্য হিসেবে উপস্থাপন করতে চাইছেন।

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প প্রথমে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সমালোচনা করেন। তিনি বলেন, ২০১৫ সালে ওবামা প্রশাসনের সঙ্গে ইরানের যে পারমাণবিক চুক্তি হয়েছিল, সেটি কার্যত তেহরানকে পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ করে দিয়েছিল। তবে তার প্রশাসন সেই পরিস্থিতি বদলে দিয়েছে এবং বর্তমানে ইরান আর পারমাণবিক অস্ত্র অর্জনে আগ্রহী নয় বলেও দাবি করেন তিনি।

বিজ্ঞাপন

ট্রাম্প লেখেন, “ওবামা প্রশাসনের করা চুক্তি ইরানের জন্য পারমাণবিক অস্ত্র তৈরির একটি সহজ পথ ছিল। সেই চুক্তি বহাল থাকলে বহু আগেই তারা পারমাণবিক অস্ত্র পেয়ে যেত এবং তা ব্যবহারও করতে পারত। আমাদের চুক্তি ঠিক তার বিপরীত। এটি পারমাণবিক অস্ত্র ঠেকানোর একটি শক্তিশালী দেয়াল হিসেবে কাজ করবে। বাস্তবতা হলো, ইরান এখন আর পারমাণবিক অস্ত্র চায় না এবং কোনোভাবেই তা পাবে না।”

তিনি আরও দাবি করেন, “আগামীকালই (রোববার) এই চুক্তি স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। চুক্তি কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গেই হরমুজ প্রণালি সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। ইরানের সঙ্গে আমাদের সম্পর্ক আগের যেকোনো প্রশাসনের তুলনায় অনেক ভালো অবস্থায় রয়েছে।”

বিজ্ঞাপন

ওবামা প্রশাসনের সমালোচনা করে ট্রাম্প বলেন, “তৎকালীন সরকার ইরানকে বিপুল অর্থ দিয়েছে, যার মধ্যে নগদ ১ দশমিক ৭ বিলিয়ন ডলারও ছিল। কিন্তু আমাদের আলোচনায় কোনো ধরনের অর্থ লেনদেনের বিষয় নেই।”

পোস্টে তিনি আরও উল্লেখ করেন, পরিস্থিতি পুরোপুরি শান্ত হলে যুক্তরাষ্ট্র প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। একই সঙ্গে তিনি মার্কিন বি-২ বোমারু বিমান ও পাইলটদের প্রশংসা করেন এবং বলেন, তাদের সহায়তায় গভীর ভূগর্ভে থাকা পারমাণবিক উপকরণ শনাক্ত ও নিষ্ক্রিয় করার কাজ করা হবে।

বিজ্ঞাপন

ট্রাম্প বলেন, “আমরা ইরান এবং পুরো মধ্যপ্রাচ্যের সঙ্গে দীর্ঘমেয়াদি সহযোগিতার প্রত্যাশা করছি। আশা করছি, পুরো প্রক্রিয়াটি দ্রুত, সহজ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে। তবে যদি তা না হয়, তাহলে আমাদের হাতে বিকল্প ব্যবস্থাও রয়েছে। যদিও আমরা চাই না সেই পরিস্থিতি কখনো সৃষ্টি হোক।”

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD