Logo

ওয়াশিংটনে সামরিক যুদ্ধবিমান বিধ্বস্ত

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৪ জুন, ২০২৬, ১২:১৭
ওয়াশিংটনে সামরিক যুদ্ধবিমান বিধ্বস্ত
ছবি: সংগৃহীত

ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের একটি সামরিক যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনার পর পাইলট বিমান থেকে নিরাপদে বের হতে সক্ষম হলেও তিনি গুরুতর আহত হয়েছেন। বিধ্বস্ত হওয়ার পর বিমানটিতে আগুন ধরে যায়। রবিবার (১৪ জুন) মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

মেরিন এয়ারক্রাফট গ্রুপ-১১ এবং থার্ড মেরিন এয়ারক্রাফট উইংয়ের এক যৌথ বিবৃতিতে বলা হয়, স্থানীয় সময় দুপুর ১২টার দিকে একটি এফ/এ-১৮ হর্নেট যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। বিমানটি ক্যালিফোর্নিয়ার মেরিন কোর এয়ার স্টেশন মিরামারের আওতাভুক্ত ছিল।

বিবৃতিতে আরও বলা হয়, নিয়মিত প্রশিক্ষণ মিশনের সময় বিমানটি দুর্ঘটনার শিকার হয়। তবে পাইলট সময়মতো বিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হন। পরে স্থানীয় শেরিফ বিভাগের কর্মকর্তারা তাকে উদ্ধার করেন।

বিজ্ঞাপন

নাচেস ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, রিমরক লেকের কাছে দুর্ঘটনাটি ঘটে। এতে পাইলট গুরুতর আহত হন এবং তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইয়াকিমা কাউন্টি শেরিফ বিভাগের এক ডেপুটি দুর্ঘটনার পর পাইলটের সঙ্গে যোগাযোগ করেন।

ফায়ার ডিপার্টমেন্টের তথ্যমতে, বিমান বিধ্বস্ত হওয়ার পর ঘটনাস্থলে আগুন ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে আনতে ইউএস ফরেস্ট সার্ভিসের সঙ্গে সমন্বয় করে অভিযান চালানো হচ্ছে।

বিজ্ঞাপন

এক বার্তায় বিভাগটি জানায়, তাদের ইউনিটগুলো বেয়ার ক্রিক কেবিন এলাকার আশপাশের স্থাপনাগুলো সুরক্ষিত রাখতে কাজ করেছে। প্রাথমিক অভিযান শেষ করে সদস্যরা ঘটনাস্থল থেকে ফিরে এসেছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে একটি ওয়াটার টেন্ডার মোতায়েন রাখা হয়েছে। রোববারও আগুন নেভানোর কার্যক্রম অব্যাহত থাকবে।

এদিকে মেরিন এয়ারক্রাফট গ্রুপ-১১ জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষ হলে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে। নিরপেক্ষ তদন্তের স্বার্থে এ মুহূর্তে অতিরিক্ত কোনো তথ্য দেওয়া সম্ভব নয় বলেও উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

দুর্ঘটনাস্থলটি ওকানোগান-ওয়েনাচি ন্যাশনাল ফরেস্ট এলাকায় অবস্থিত, যা সিয়াটল থেকে প্রায় ১২৫ মাইল দক্ষিণ-পূর্বে।

সূত্র: এনবিসি নিউজ

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD