Logo

আয়াতুল্লাহ খামেনির শেষ বিদায়ের তারিখ ঘোষণা করল ইরান

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৩ জুন, ২০২৬, ১৮:১৩
আয়াতুল্লাহ খামেনির শেষ বিদায়ের তারিখ ঘোষণা করল ইরান
ছবি: সংগৃহীত

ইরানের সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনিকে আগামী জুলাই মাসে সমাহিত করা হবে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। শনিবার (১৩ জুন) প্রকাশিত প্রতিবেদনে তার দাফন ও শেষ বিদায়ের বিস্তারিত কর্মসূচি তুলে ধরা হয়েছে।

বিজ্ঞাপন

প্রকাশিত তথ্য অনুযায়ী, আগামী ১৩ ও ১৪ জুলাই রাজধানী তেহরানে আয়াতুল্লাহ খামেনির বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এরপর ১৫ জুলাই তেহরানে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরদিন ১৬ জুলাই পবিত্র শহর কোমে দ্বিতীয় জানাজার আয়োজন করা হবে।

সবশেষে ১৮ জুলাই মাসহাদে আরেকটি জানাজা হবে। সেই জানাজা শেষে ওইদিন তাকে ইমাম রেজা মাজারে চিরনিদ্রায় শায়িত করা হবে।

বিজ্ঞাপন

ইমাম রেজা হযরত আলী ও মা ফাতেমার বংশধর। শিয়া মুসলিমদের যে ১২ জন প্রসিদ্ধ ইমাম রয়েছেন তার মধ্যে ইমাম রেজা অন্যতম।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েল ইরানে যৌথ হামলা চালায়। ওইদিন সকালে সুপ্রিম লিডারের বাসভবনে অবস্থান করছিলেন আয়াতুল্লাহ খামেনি। যৌথ হামলায় স্ত্রী ও পরিবারের অন্যান্য সদস্যসহ তিনি প্রাণ হারান। ওই সময় সেখানে উপস্থিত ছিলেন বর্তমান সুপ্রিম লিডার ও তার দ্বিতীয় ছেলে মোজতবা খামেনি। তবে ভাগ্যক্রমে তিনি বেঁচে যান। এরপর তাকেই নতুন সুপ্রিম লিডার হিসেবে নিযুক্ত করে ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিল।

বিজ্ঞাপন

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মোজতবা খামেনির সঙ্গে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কর্পসের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। নতুন সুপ্রিম লিডার নির্বাচনের প্রক্রিয়ায় বিপ্লবী গার্ডের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলেও বিভিন্ন সূত্রে উল্লেখ করা হয়েছে।

সূত্র: আলজাজিরা

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD