ভারতের অনুমতি না মেলায় নেপাল থেকে বাড়তি বিদ্যুৎ আসছে না বাংলাদেশে

আগামী ১৫ জুন থেকে নেপাল বাংলাদেশে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানি অব্যাহত রাখবে। তবে পরিকল্পিত ৬০ মেগাওয়াটের পরিবর্তে বাড়তি ২০ মেগাওয়াট বিদ্যুৎ এখন আর আসছে না, কারণ ভারতের অনুমোদন মেলেনি। রবিবার (১৪ জুন) দেশটির জ্বালানি কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট।
বিজ্ঞাপন
বিদ্যুৎ খাতের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ভারতের কেন্দ্রীয় বিদ্যুৎ কর্তৃপক্ষ (সিইএ) ট্রান্সমিশন লাইনের সক্ষমতার সীমাবদ্ধতার কথা উল্লেখ করে বাড়তি বিদ্যুৎ পরিবহনের অনুমতি দেয়নি।
তাদের ভাষ্য অনুযায়ী, নেপাল–ভারত–বাংলাদেশের মধ্যে নতুন সংশোধিত ত্রিপক্ষীয় চুক্তি, সচিব পর্যায়ের যৌথ স্টিয়ারিং কমিটির সিদ্ধান্তসহ আরও কিছু আনুষ্ঠানিক প্রক্রিয়া এখনো সম্পন্ন হয়নি।
বিজ্ঞাপন
বর্ষা মৌসুমে নেপাল সাধারণত উদ্বৃত্ত বিদ্যুৎ বাংলাদেশ ও ভারতে রপ্তানি করে। আর শীতকালে ভারত থেকে বিদ্যুৎ আমদানি করে থাকে দেশটি।
২০২৫ সালের ২৭ নভেম্বর ঢাকায় নেপাল ও ভারতের সচিব পর্যায়ের বৈঠকে বাংলাদেশে বিদ্যমান ৪০ মেগাওয়াটের চুক্তির বাইরে আরও ২০ মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানির বিষয়ে সমঝোতা হয়। পাশাপাশি অন্যান্য আনুষঙ্গিক বিষয় দ্রুত শেষ করার সিদ্ধান্তও নেওয়া হয়েছিল।
কাঠমান্ডু পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, এরপর নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষ ভারতের বিদ্যুৎ বাণিজ্য সংস্থা লিমিটেডের কাছে অতিরিক্ত ২০ মেগাওয়াট বিদ্যুৎ পরিবহনের অনুমতির অনুরোধ জানায়।
বিজ্ঞাপন
আরও পড়ুন: ওয়াশিংটনে সামরিক যুদ্ধবিমান বিধ্বস্ত
তবে ভারতের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশ–ভারতের মধ্যে বিদ্যমান ১ হাজার মেগাওয়াট বিদ্যুৎ পরিবহন লাইনের সক্ষমতার সীমাবদ্ধতার কারণে অতিরিক্ত বিদ্যুৎ পাঠানো সম্ভব নয়।
নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষের বিদ্যুৎ বাণিজ্য বিভাগের পরিচালক বাহাদুর থাপা বলেন, “এবার বাংলাদেশে শুধু ৪০ মেগাওয়াট বিদ্যুৎই যাবে। অতিরিক্ত ২০ মেগাওয়াট রপ্তানির জন্য যে ত্রিপক্ষীয় ব্যবস্থা নেওয়ার উদ্যোগ ছিল, তা চূড়ান্ত হয়নি। আগের মতোই আমরা ভারতের মাধ্যমে বিদ্যুৎ রপ্তানির চেষ্টা করেছি। তবে তারা জানিয়েছে, অতিরিক্ত ২০ মেগাওয়াট পরিবহনের সক্ষমতা নেই।”
বিজ্ঞাপন
বর্তমানে বাড়তি বিদ্যুৎ রপ্তানির বিষয়টি নিয়ে নেপাল ও ভারতের মধ্যে নতুন করে আলোচনা প্রয়োজন হলেও এখনো তার সময় নির্ধারণ হয়নি।
আরও পড়ুন: মরক্কোর বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ
এর আগে ২০২৪ সালের জানুয়ারিতে ভারতের ট্রানজিট লাইন ব্যবহার করে বাংলাদেশে নেপালের বিদ্যুৎ রপ্তানির চুক্তি হয়। একই বছরের ১৫ নভেম্বর প্রথমবারের মতো বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করে নেপাল। ওইদিন ১২ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ করা হয়েছিল। নেপালের বিদ্যুৎ প্রথমে ঢালকেবার–মুজাফফরপুর ৪০০ কেভি ট্রান্সমিশন লাইন দিয়ে ভারতে প্রবেশ করে, পরে বহরমপুর–ভেড়ামারা ৪০০ কেভি লাইন হয়ে বাংলাদেশে আসে।
বিজ্ঞাপন
সূত্র: কাঠমান্ডু পোস্ট








