Logo

ন্যাটো নেতাদের বিদায়ী উপহার হিসেবে রিভলভার দিল তুরস্ক

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১০ জুলাই, ২০২৬, ১৬:৪১
ন্যাটো নেতাদের বিদায়ী উপহার হিসেবে রিভলভার দিল তুরস্ক
ছবি: সংগৃহীত

আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো সম্মেলন শেষে অংশগ্রহণকারী রাষ্ট্র ও সরকারপ্রধানদের জন্য ব্যতিক্রমী বিদায়ী উপহারের আয়োজন করে তুরস্ক। প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের পক্ষ থেকে প্রত্যেক নেতাকে একটি ভিনটেজ রিভলভার এবং ব্যবহারযোগ্য গুলি উপহার দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এই উপহারের মাধ্যমে তুরস্ক তাদের প্রতিরক্ষা শিল্পের সক্ষমতা ও দেশীয় অস্ত্র উৎপাদনের ঐতিহ্য তুলে ধরতে চেয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

লিথুয়ানিয়ার প্রেসিডেন্ট গিতানাস নাউসেদার কার্যালয় প্রকাশিত ছবিতে দেখা যায়, উপহার হিসেবে দেওয়া রিভলভারটি তুরস্কের রাষ্ট্রীয় অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান এমকেই-এর তৈরি বিরল ‘গুমুসাই .৩৫৭ ম্যাগনাম’ মডেল। ১৯৯০-এর দশকে তৈরি এই অস্ত্রটি বিশেষ কাঠের বাক্সে রাখা ছিল। বাক্সে তুরস্কের জাতীয় পতাকা ও ন্যাটোর প্রতীক সংযুক্ত ছিল। পাশাপাশি তুর্কি ও ইংরেজি ভাষায় উল্লেখ করা হয়, এটি দেশটিতে উৎপাদিত প্রথম রিভলভার ধরনের হ্যান্ডগান।

বিজ্ঞাপন

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের কার্যালয় জানিয়েছে, সম্মেলনে অংশ নেওয়া সব নেতাই একই ধরনের রিভলভার পেয়েছেন। প্রতিটি অস্ত্রের ব্যারেলে সংশ্লিষ্ট নেতার নামও খোদাই করা ছিল।

নিরাপত্তাজনিত কারণে অনেক নেতা উপহার পাওয়া অস্ত্র নিজ নিজ দেশের কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছেন। বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডি ওয়েভার দেশে ফিরে রিভলভারটি ব্রাসেলস বিমানবন্দর পুলিশের কাছে জমা দেন।

পোল্যান্ডের প্রেসিডেন্ট ক্যারল নাভরোৎস্কির এক সহকারী জানান, তাদের উপহার পাওয়া রিভলভারটি ওয়ারশ বিমানবন্দরে শুল্ক প্রক্রিয়া শেষে নিরাপদ স্থানে সংরক্ষণ করা হবে। তিনি বলেন, এটি ব্যবহার করার কোনো পরিকল্পনা নেই।

বিজ্ঞাপন

নেদারল্যান্ডস ও সুইডেনের প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, তাদের রিভলভার নিজ নিজ দেশের দূতাবাসে রাখা হয়েছে। নেদারল্যান্ডস সেটিকে অকার্যকর করে সংরক্ষণ করবে, আর সুইডেন আমদানিসংক্রান্ত আনুষ্ঠানিকতা শেষ হওয়ার অপেক্ষায় রয়েছে।

ডাউনিং স্ট্রিটের একটি সূত্র জানায়, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার উপহারের সঙ্গে একটি অস্ত্র পরিষ্কারের কিট এবং ৫০০ রাউন্ড গুলিও পেয়েছেন।

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির উপহারটি রোমের পালাজ্জো কিজিতে অন্যান্য রাষ্ট্রীয় উপহারের সঙ্গে সংরক্ষণ করা হয়েছে। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেয়েন তার পাওয়া রিভলভার একটি সামরিক জাদুঘরে দান করার পরিকল্পনা করেছেন। একই ধরনের সিদ্ধান্ত নিয়েছেন গ্রিসের প্রধানমন্ত্রীও। তিনি অস্ত্রটি এথেন্সের যুদ্ধ জাদুঘরে সংরক্ষণের উদ্যোগ নিয়েছেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এ বিষয়ে রসিকতা করে বলেন, তুরস্কের উপহারের তুলনায় তার দেওয়া ম্যাপল সিরাপের উপহার অনেক ছোট। তিনি জানান, তিনি নিজে রিভলভারটি দেখেননি এবং সেটি অকার্যকর অবস্থায় জাতীয় যুদ্ধ জাদুঘরে সংরক্ষণ করা হতে পারে।

রয়টার্স আরও জানিয়েছে, বর্তমানে তুরস্কের অস্ত্রশিল্প মূলত আধুনিক সেমি-অটোমেটিক পিস্তল উৎপাদনে মনোযোগী। ফলে ‘গুমুসাই .৩৫৭ ম্যাগনাম’ এখন সংগ্রাহকদের কাছে বিরল অস্ত্র হিসেবে বিবেচিত হয়। জেনেভাভিত্তিক স্মল আর্মস সার্ভের তথ্য অনুযায়ী, ২০১৯ থেকে ২০২৪ সালের মধ্যে প্রায় ৩০০ কোটি মার্কিন ডলারের ক্ষুদ্রাস্ত্র রপ্তানি করে যুক্তরাষ্ট্র ও ইতালির পর বিশ্বের তৃতীয় বৃহত্তম রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে তুরস্ক।

সূত্র: রয়টার্স

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD