Logo

যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্র-ইরানকে ‘গঠনমূলক’ আলোচনায় বসার আহ্বান তুরস্কের

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৬ এপ্রিল, ২০২৬, ১৮:০৬
যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্র-ইরানকে ‘গঠনমূলক’ আলোচনায় বসার আহ্বান তুরস্কের
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান শান্তি প্রক্রিয়ায় সমর্থন অব্যাহত রাখার কথা জানিয়েছে তুরস্ক। একই সঙ্গে সংঘাত নিরসনে দুই দেশকে আলোচনায় আরও ‘গঠনমূলক’ ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে আঙ্কারা।

বিজ্ঞাপন

ন্যাটো জোটের সদস্য এবং ইরানের প্রতিবেশী দেশ হিসেবে তুরস্ক শুরু থেকেই যুদ্ধ বন্ধের পক্ষে অবস্থান নিয়েছে। এ লক্ষ্য সামনে রেখে দেশটি যুক্তরাষ্ট্র, ইরান এবং মধ্যস্থতাকারী পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখছে।

বৃহস্পতিবার তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে জানানো হয়, চলমান যুদ্ধবিরতিকে স্থায়ী চুক্তিতে রূপ দিতে এবং দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা নিশ্চিত করতে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে। পাশাপাশি পরিস্থিতি যাতে আরও জটিল বা নিয়ন্ত্রণের বাইরে না যায়, সে বিষয়েও সতর্ক থাকার কথা বলা হয়।

বিজ্ঞাপন

তুরস্ক আশা করছে, সংশ্লিষ্ট সব পক্ষ চলমান আলোচনা প্রক্রিয়ায় ইতিবাচক ভূমিকা রাখবে। কূটনৈতিক সূত্রে জানা গেছে, চলতি সপ্তাহের শেষ দিকে আনতালিয়ায় একটি কূটনৈতিক ফোরামের ফাঁকে তুরস্ক, পাকিস্তান, সৌদি আরব ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠকে অংশ নেবেন।

এদিকে, কাতার সফর শেষে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের তুরস্কে পৌঁছানোর কথা রয়েছে। তবে যুক্তরাষ্ট্র ও ইরানের দ্বিতীয় দফার আলোচনার নির্দিষ্ট সময় এখনও ঠিক হয়নি বলে জানিয়েছে পাকিস্তান।

বিজ্ঞাপন

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি এক ব্রিফিংয়ে জানান, আলোচনায় পরমাণু ইস্যুও অন্তর্ভুক্ত রয়েছে। তিনি গণমাধ্যমকে এ বিষয়ে অনুমাননির্ভর সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার আহ্বান জানান এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর অবস্থান নিয়ে মন্তব্য করা থেকে বিরত থাকেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD