বিয়ের প্রস্তুতির মধ্যেই বোমা হামলা, মিয়ানমারে প্রাণ গেল ১৭ জনের

মিয়ানমারে বিয়ের আয়োজন চলার সময় একটি ভেন্যুতে বিমান হামলা চালিয়েছে দেশটির জান্তা সরকারের বিমানবাহিনী। এতে অন্তত ১৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।
বিজ্ঞাপন
বার্তা সংস্থা এএফপিকে এক প্রত্যক্ষদর্শী জানান, শনিবার (২৮ নভেম্বর) শান ও কেরান্নি রাজ্যের মধ্যবর্তী মো বাই গ্রামের একটি বিয়ের ভেন্যুতে এ হামলা হয়। সেখানে বিয়ের প্রস্তুতি চলছিল। বর-কনে দুজনই ছিলেন বাস্তুচ্যুত।
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে আহত ব্যক্তিদের দ্রুত চিকিৎসার জন্য নিয়ে যেতে দেখা গেছে। তবে ভিডিওগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি সংবাদমাধ্যমটি।
হামলার প্রত্যক্ষদর্শী এএফপিকে বলেন, “আমি যুদ্ধবিমানের শব্দ শুনতে পাই। ভেবেছিলাম তারা হয়ত আমাদের এলাকায় বোমা ফেলবে না। তবে এর কিছুক্ষণ পরই বোমা বিস্ফোরণের শব্দ শুনতে পাই এবং হামলাস্থল থেকে প্রচুর ধোঁয়া বের হতে দেখি। এরপর ঘটনাস্থলে গিয়ে ১৭টি মরদেহ দেখতে পাই। অনেকে আহত অবস্থায়ও পড়ে ছিলেন।”
২০২১ সালে অং সান সু চির নির্বাচিত সরকারকে উৎখাত করে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে মিয়ানমারের সেনাবাহিনী। এরপর দেশজুড়ে প্রতিবাদ ও প্রতিরোধ আন্দোলন শুরু হয়। একপর্যায়ে তা সশস্ত্র সংঘাতে রূপ নেয় এবং দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধের সৃষ্টি করে।
সংঘাত পর্যবেক্ষণকারী সংস্থা এসিএলইডির তথ্য অনুযায়ী, মিয়ানমারের এই গৃহযুদ্ধে এ পর্যন্ত দুই পক্ষের সংঘাতে এক লাখের বেশি মানুষ নিহত হয়েছেন।
মো বাই শহরটি সেনাবাহিনীর নিয়ন্ত্রণে থাকলেও আশপাশের প্রত্যন্ত এলাকাগুলোর বেশ কিছু অংশ সশস্ত্র গোষ্ঠীগুলোর নিয়ন্ত্রণে রয়েছে।
সূত্র: এএফপি








