ইয়েমেনে ২৪ ঘণ্টায় ৭২৬ হামলা, ১২১ হুথি যোদ্ধা হতাহত

ইয়েমেনে ইরান-সমর্থিত হুথি বাহিনীকে লক্ষ্য করে ২৪ ঘণ্টায় ৭২৬টি হামলা চালানোর দাবি করেছে দেশটির সেনাবাহিনী। এসব হামলায় অন্তত ১২১ জন হুথি যোদ্ধা ও কমান্ডার নিহত বা আহত হয়েছেন বলে জানিয়েছে তারা।
বিজ্ঞাপন
শুক্রবার (২৮ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় এ তথ্য জানান ইয়েমেনি সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল মাজেদ আল-নুজাইলি।
এক্সবার্তায় তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ইয়েমেনের বিভিন্ন প্রদেশে হুথি বাহিনীর অবস্থান লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে। এতে অন্তত ১২১ জন যোদ্ধা ও কমান্ডার হতাহত হয়েছেন।
কর্নেল আল-নুজাইলি আরও জানান, সেনাবাহিনীর চলমান ‘ডন অব ইয়েমেন’ সামরিক অভিযানের অংশ হিসেবে হুথিদের অবস্থান ও সামরিক স্থাপনায় ২৩টি বিমান হামলা, ৬৪২টি কামানের গোলাবর্ষণ, ৩৫টি ড্রোন অভিযান এবং ২৬টি রকেট হামলা চালানো হয়েছে। এসব অভিযানে হুথিদের ৮১টি সামরিক যান ও বিভিন্ন সরঞ্জাম ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি করেন তিনি।
সৌদিভিত্তিক সংবাদমাধ্যম আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনের তাইজ, মারিব, আল-জউফ, লাহিজ, আল-দালি ও শাবওয়াসহ কয়েকটি রণাঙ্গনে সংঘর্ষের খবর পাওয়া গেছে। সরকারি বাহিনী হুথিদের আক্রমণ প্রতিহত করার পাশাপাশি তাদের অবস্থান ও নতুন করে আসা শক্তিবৃদ্ধিকারী দলগুলোকে লক্ষ্য করে অভিযান চালিয়েছে।
দেশটিতে সরকারি বাহিনী ও হুথিদের মধ্যে সংঘাত তীব্র হওয়ার প্রেক্ষাপটে এসব হামলা চালানো হয়েছে। সরকারি বাহিনী ও সৌদি নেতৃত্বাধীন জোট হুথিদের বিরুদ্ধে তৎপরতা বাড়িয়েছে। অন্যদিকে হুথিরাও সৌদি আরবের ওপর নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছে।
এদিকে শুক্রবার হুথি-সংশ্লিষ্ট সংবাদমাধ্যম সাবাহ নিউজ দাবি করেছে, তাইজ প্রদেশের আল-তুরবাহ এলাকায় সৌদি বিমান হামলায় ১১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই শিশু বলে দাবি করা হয়েছে। তবে এ ঘটনার সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
সূত্র : আলজাজিরা








