Logo

মোদির ‘মডেল রাজ্যে’ শিশুদের রক্তশূন্যতার হার দেশের মধ্যে সর্বোচ্চ

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
২৭ নভেম্বর, ২০২৬, ২০:২৬
মোদির ‘মডেল রাজ্যে’ শিশুদের রক্তশূন্যতার হার দেশের মধ্যে সর্বোচ্চ
ছবি: সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিজ রাজ্য গুজরাটে ১২ থেকে ৫৯ মাস বয়সী অর্ধেকেরও বেশি শিশু রক্তশূন্যতায় ভুগছে। একই সমস্যায় আক্রান্ত ১৫ থেকে ৪৯ বছর বয়সী প্রায় দুই-তৃতীয়াংশ নারী। ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চের (আইসিএমআর) সাম্প্রতিক এক জাতীয় জরিপে উঠে এসেছে এ তথ্য।

বিজ্ঞাপন

জরিপের ফল প্রকাশের পর ‘মডেল রাজ্য’ হিসেবে গুজরাটের প্রচারণা নিয়ে প্রশ্ন তুলেছেন ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা জয়রাম রমেশ। এ পরিসংখ্যান সামনে এনে কেন্দ্রীয় সরকারের সমালোচনাও করেছেন তিনি।

আইসিএমআরের অধীন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউট্রিশন ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে ভারতের ৩৫টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ‘সম্পদ’ (SAMPADA) শীর্ষক জরিপটি পরিচালনা করে। এতে দুই লাখের বেশি মানুষের তথ্য সংগ্রহ করা হয়। পাশাপাশি ১ লাখ ৭০ হাজারের বেশি মানুষের রক্তের নমুনা বিশ্লেষণ করা হয়েছে।

জরিপে দেখা গেছে, গুজরাটে ১০ থেকে ১৯ বছর বয়সী কিশোরীদের ৬১ দশমিক ৪ শতাংশ, ২০ থেকে ৫৯ বছর বয়সী নারীদের ৬৩ দশমিক ৮ শতাংশ এবং ১৫ থেকে ৪৯ বছর বয়সী প্রজননক্ষম নারীদের ৬৬ দশমিক ২ শতাংশ রক্তশূন্যতায় আক্রান্ত। অন্যদিকে, ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের মধ্যে এ হার ৫৬ দশমিক ৫ শতাংশ, যা ভারতের রাজ্যগুলোর মধ্যে সর্বোচ্চ।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের প্রকাশিত জরিপের তথ্য শেয়ার করে জয়রাম রমেশ লিখেছেন, নারী ও কিশোরীদের রক্তশূন্যতার হারের দিক থেকে কেবল ছত্তিশগড়ের পরিস্থিতি গুজরাটের চেয়ে খারাপ।

দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালার সঙ্গে তুলনা করে তিনি জানান, সেখানে কিশোরীদের মধ্যে রক্তশূন্যতার হার ২১ দশমিক ৪ শতাংশ, প্রাপ্তবয়স্ক নারীদের ২৮ শতাংশ এবং প্রজননক্ষম নারীদের ২৯ দশমিক ১ শতাংশ। এসব হার গুজরাটের তুলনায় অনেক কম। এ ছাড়া ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের মধ্যে রক্তশূন্যতার হার কেরালায় ১৪ দশমিক ৫ শতাংশ, যা দেশটির রাজ্যগুলোর মধ্যে সর্বনিম্ন।

গুজরাটকে ‘মডেল রাজ্য’ হিসেবে তুলে ধরার বিষয়টি নিয়েও প্রশ্ন তুলেছেন জয়রাম রমেশ। এ পরিস্থিতিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের প্রসঙ্গও ইঙ্গিতপূর্ণভাবে সামনে আনেন তিনি।

তবে জরিপের ফল প্রকাশের সময় ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শনাক্ত হওয়া রক্তশূন্যতার অধিকাংশ ঘটনাই মৃদু পর্যায়ের। মন্ত্রণালয়ের দাবি, দেশজুড়ে প্রায় সব বয়সী জনগোষ্ঠীর মধ্যে গুরুতর রক্তশূন্যতায় আক্রান্তের হার ২ শতাংশের নিচে।

গুজরাটে শিশু অপুষ্টির চিত্রও উদ্বেগজনক

রক্তশূন্যতার পাশাপাশি গুজরাটে শিশু অপুষ্টির চিত্রও উদ্বেগ তৈরি করেছে। চলতি বছরের মার্চে রাজ্য সরকারের প্রকাশিত পরিসংখ্যানে এ তথ্য উঠে আসে।

বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে কংগ্রেস বিধায়কদের প্রশ্নের জবাবে রাজ্যের নারী ও শিশু উন্নয়নমন্ত্রী মনীষা ভকিল জানান, ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত রাজ্যের ৩৪টি জেলার মধ্যে ২০টিতে ২ লাখ ৫ হাজার শিশুকে অপুষ্টিতে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে।

সরকারি তথ্য অনুযায়ী, এসব শিশুর মধ্যে প্রায় ১ লাখ ৬৯ হাজার কম ওজনের এবং ৩৬ হাজার ৮০৫ জন গুরুতর কম ওজনের শ্রেণিতে রয়েছে। অপুষ্টিতে আক্রান্ত শিশুদের বড় অংশ রাজ্যের আদিবাসী ও গ্রামীণ এলাকার বাসিন্দা।

জেলাভিত্তিক হিসাবে পঞ্চমহলে সর্বোচ্চ ২০ হাজার ৭৬২টি অপুষ্টিতে আক্রান্ত শিশু শনাক্ত হয়েছে। এ ছাড়া বনাসকাঁথায় ১৯ হাজার ৩৯১টি এবং খেদা জেলায় ১৮ হাজার ৫৯০টি শিশুর অপুষ্টির তথ্য পাওয়া গেছে।

জেবি/এসডি
আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD