ফিলিস্তিন ইস্যুতে সরব জাতিসংঘের প্রতিবেদককে কোস্টারিকায় প্রবেশে বাধা

ফিলিস্তিনের অধিকৃত ভূখণ্ডবিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদক ফ্রানচেসকা আলবানিজকে দেশে প্রবেশের অনুমতি দেয়নি কোস্টারিকা। জাতীয় নিরাপত্তার ঝুঁকির কথা উল্লেখ করে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দেশটির জুয়ান সান্তামারিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে আটকে রাখা হয়।
বিজ্ঞাপন
শুক্রবার (২৭ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
কোস্টারিকার অভিবাসন কর্তৃপক্ষের মহাপরিচালক ওমের বাদিয়েলা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় দাবি করেন, সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আলবানিজের বিরুদ্ধে আন্তর্জাতিক সতর্কতা জারি রয়েছে। তবে কোন দেশ বা সংস্থা এই সতর্কতা জারি করেছে, সে বিষয়ে তিনি কোনো তথ্য দেননি।
এদিকে, শুক্রবার নিজের আটকের ঘটনাকে লজ্জাজনক বলে অভিহিত করেছেন ফ্রানচেসকা আলবানিজ। কোস্টারিকায় একটি সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণের উদ্দেশ্যে তিনি দেশটিতে যাচ্ছিলেন।
ফিলিস্তিনের গাজা উপত্যকা ও অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের কর্মকাণ্ডের সমালোচনা করে আসছেন আলবানিজ। এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগও তুলেছেন তিনি। এ কারণে দীর্ঘদিন ধরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরোধিতার মুখে রয়েছেন জাতিসংঘের এই বিশেষ প্রতিবেদক।
গাজায় ইসরায়েলের নীতির সমালোচনা করার পর যুক্তরাষ্ট্র তার ওপর নিষেধাজ্ঞাও আরোপ করে। এবার কোস্টারিকায় প্রবেশে বাধার মুখে পড়লেন তিনি।








