Logo

ইয়েমেনে সৌদি বিমান হামলায় নিহত ১১, অধিকাংশই শিশু

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
২৭ নভেম্বর, ২০২৬, ১৭:২৪
ইয়েমেনে সৌদি বিমান হামলায় নিহত ১১, অধিকাংশই শিশু
ছবি: সংগৃহীত

ইয়েমেনের পূর্বাঞ্চলীয় তাইজ প্রদেশে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। শুক্রবার (২৭ নভেম্বর) চালানো এ হামলায় নিহতদের অধিকাংশই শিশু বলে জানিয়েছে হুথি সংশ্লিষ্ট সংবাদমাধ্যম সাবা নিউজ।

বিজ্ঞাপন

প্রতিবেদন অনুযায়ী, তাইজ প্রদেশের আল-তুবরা এলাকায় একটি আবাসিক ভবন লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়। এতে ঘটনাস্থলেই ১১ জনের প্রাণহানি ঘটে। এ ছাড়া দেশটির সা’দা অঞ্চলে জ্বালানিবাহী একটি ট্যাংকার লক্ষ্য করেও হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

এর আগে বৃহস্পতিবার ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের জাজান অঞ্চলে একটি তেল শোধনাগারে হামলা চালায়। ওই ঘটনায় সেখানে কর্মরত এক বিদেশি নাগরিক নিহত হন। এর পরদিনই ইয়েমেনের বিভিন্ন এলাকায় সৌদি বিমান হামলার ঘটনা ঘটল।

গত জুলাই থেকে সৌদি আরব ও হুথিদের মধ্যে নতুন করে উত্তেজনা বাড়তে শুরু করে। এরপর থেকে হুথি নিয়ন্ত্রিত এলাকাগুলোতে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলা অব্যাহত রয়েছে। পাল্টা জবাবে হুথিরাও সৌদি আরবের তেল স্থাপনা, বিমানবন্দর এবং রাজধানী রিয়াদকে লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে।

ইয়েমেনে সংঘাতের সূত্রপাত আরও আগে। ২০১৪ সালে হুথি বিদ্রোহীরা রাজধানী সানাসহ দেশটির বিস্তীর্ণ অঞ্চল দখল করে নেয়। এর পরিপ্রেক্ষিতে ২০১৫ সালে সৌদি নেতৃত্বাধীন জোট হুথিদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। ২০২২ সাল পর্যন্ত প্রায় সাত বছর ধরে চলা ওই অভিযানে ব্যাপক বিমান হামলা চালানো হলেও হুথিরা তাদের নিয়ন্ত্রিত এলাকা ছাড়েনি।

পরবর্তী সময়ে জাতিসংঘের মধ্যস্থতায় ২০২২ সালে দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে চলতি বছরের জুলাইয়ে সানা আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি নেতৃত্বাধীন জোটের হামলার পর পরিস্থিতির আবারও অবনতি ঘটে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে সৌদি সমর্থিত ইয়েমেন সরকারের সেনাবাহিনীও স্থল অভিযান শুরু করেছে। সব মিলিয়ে দেশটিতে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়েছে এবং বেসামরিক মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।

সূত্র: সাবা নিউজ

জেবি/জেএইচআর
আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD