পার্কের বেঞ্চে বসে কান্না করায় সাড়ে ৩ হাজার টাকা জরিমানা

জার্মানির একটি পার্কে শিশুদের খেলার মাঠের বেঞ্চে বসে কাঁদার কারণে ২৫ ইউরো জরিমানা দিতে হয়েছে ৩১ বছর বয়সী এক নারীকে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় সাড়ে ৩ হাজার টাকা। ঘটনাটি ঘটেছে দেশটির গেলজেনকির্শেন শহরে। বিষয়টি প্রকাশ্যে আসার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ও বিস্ময়ের সৃষ্টি হয়েছে।
বিজ্ঞাপন
জার্মান সংবাদমাধ্যম ডব্লিউডিআরের প্রতিবেদন অনুযায়ী, গত ২৫ অক্টোবর এ ঘটনা ঘটে। হ্যানা নামের ওই নারী পড়াশোনা ও আর্থিক সংকট নিয়ে বেশ কিছুদিন ধরে মানসিক চাপে ছিলেন। পরিস্থিতি থেকে কিছুটা স্বস্তি পেতে হাঁটতে বের হন তিনি। একপর্যায়ে শিশুদের খেলার মাঠের একটি বেঞ্চে বসে স্বজনের সঙ্গে ফোনে কথা বলার সময় কান্নায় ভেঙে পড়েন।
হ্যানার ভাষ্য অনুযায়ী, ওই সময় তিনি প্রচণ্ড মানসিক চাপের মধ্যে ছিলেন। তাই কিছুক্ষণ একা কাটাতে চেয়েছিলেন। কিন্তু এর মধ্যেই সেখানে হাজির হন পৌরসভার তিন কর্মকর্তা। তারা হ্যানার কাছে জানতে চান, দোলনায় খেলতে থাকা দুটি ছেলে তার সন্তান কি না। তিনি জানান, শিশু দুটি তার সন্তান নয়। এরপরই তাকে ২৫ ইউরো জরিমানা করা হয়।
শহরের পৌর আইন অনুযায়ী, শিশুদের খেলার মাঠ শুধু ১৪ বছর বা তার কম বয়সীদের জন্য নির্ধারিত। কোনো শিশু সঙ্গে না থাকলে অভিভাবকসহ অন্য প্রাপ্তবয়স্কদেরও সেখানে অবস্থানের অনুমতি নেই।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন হ্যানা। তার প্রশ্ন, কাউকে কাঁদতে দেখলে প্রথমেই কি তার খোঁজ নেওয়া উচিত নয়? তিনি ঠিক আছেন কি না, কিংবা কোনো সহায়তার প্রয়োজন আছে কি না, তা জানতে চাওয়া যেত। এরপর নিয়মের বিষয়টি বুঝিয়ে বলা সম্ভব ছিল বলেও মনে করেন তিনি।
ঘটনাটি সামনে আসার পর স্থানীয় বাসিন্দারাও পৌর কর্মকর্তাদের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। এক বাসিন্দার মতে, একজন নারী একটু বিশ্রাম নিতে চেয়েছেন, এ কারণে তাকে জরিমানা করা অযৌক্তিক। ওই এলাকার ৬৪ বছরের বাসিন্দা আরেক নারী জানান, তিনি নিয়মিত ওই বেঞ্চে বসেছেন। তবে কখনো এমন পরিস্থিতির মুখোমুখি হননি। অন্য এক বাসিন্দাও ঘটনাটিকে আপত্তিকর বলে মন্তব্য করেছেন।
তবে পৌর কর্তৃপক্ষ কর্মকর্তাদের সিদ্ধান্তের পক্ষেই অবস্থান নিয়েছে। শহর কাউন্সিলের সদস্য সিমন নোভাকের (সিডিইউ) ভাষ্য, শিশুদের খেলার মাঠ মূলত শিশুদের জন্য সংরক্ষিত। তাই শিশু সঙ্গে না থাকলে সেখানে প্রাপ্তবয়স্কদের অবস্থান সাধারণত নিষিদ্ধ।
পৌর কর্তৃপক্ষের দাবি, খেলার মাঠের অননুমোদিত ব্যবহার বন্ধ করা এবং শিশু অপহরণের ঝুঁকি কমানোর উদ্দেশ্যেই এ ধরনের জরিমানার বিধান রাখা হয়েছে।
এদিকে শিশু ছাড়া খেলার মাঠে প্রবেশ কিংবা সেখানে বেঞ্চে বসার মতো কর্মকাণ্ডের জরিমানা বাড়ানোর প্রস্তাব নিয়েও শহর কাউন্সিলে আলোচনা চলছে। বর্তমানে এ ধরনের অপরাধে সর্বোচ্চ ৫৫ ইউরো জরিমানার বিধান রয়েছে। প্রস্তাবটি অনুমোদিত হলে তা বেড়ে ৬০ ইউরো হতে পারে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৮ হাজার টাকারও বেশি।








