হাসিনাকে ফেরত না দিলে আন্তর্জাতিক আদালতে যাবে বাংলাদেশ

ভারত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত না দিলে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দ্বারস্থ হওয়ার কথা বিবেচনা করছে সরকার। এমন ইঙ্গিত দিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
বিজ্ঞাপন
পাকিস্তানে ছয় দিনের সফরে গিয়ে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ইসলামাবাদে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। বিবিসি উর্দুর এক প্রতিবেদনে স্পিকারের এই বক্তব্য তুলে ধরা হয়েছে।
হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘ভারত যদি আমাদের অনুরোধে সাড়া না দেয়, তাহলে আমরা আন্তর্জাতিক বিচার আদালতে যাব।’
শেখ হাসিনা বাংলাদেশে ফিরে এলে তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে বলেও মন্তব্য করেন তিনি।
স্পিকারের এই বক্তব্য এমন সময়ে এল, যখন শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন। তবে তার এই ঘোষণাকে প্রত্যাখ্যান করেছে বিএনপি সরকার। সরকারের অবস্থান, আইনগত প্রক্রিয়ায় প্রত্যর্পণের মাধ্যমেই কেবল শেখ হাসিনার দেশে ফেরা গ্রহণযোগ্য হবে।
বিবিসি উর্দুর প্রতিবেদনে আরও বলা হয়েছে, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা সম্পর্কে হাফিজ উদ্দিন আহমদ বলেন, এটি মূলত তার অনুসারীদের মনোবল ধরে রাখার একটি প্রচেষ্টা। একই সঙ্গে তিনি শেখ হাসিনার বাংলাদেশে ফেরার সম্ভাবনা নিয়েও সংশয় প্রকাশ করেন।
এদিকে বৃহস্পতিবার ঢাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে শেখ হাসিনাকে ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
তিনি বলেন, একজন সন্ত্রাসীকে নিজেদের ভূখণ্ডে আশ্রয় দেওয়ার চ্যালেঞ্জ ও জটিলতা ভারতও এখন উপলব্ধি করতে পারছে। শেখ হাসিনার বিভিন্ন বক্তব্য ও আচরণ ভারতের জন্য অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করছে বলেও মন্তব্য করেন তিনি।
উল্লেখ্য, ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৫ আগস্ট বাংলাদেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর থেকে তিনি ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবস্থান করছেন।
সূত্র: এনডিটিভি, বিবিসি উর্দু








