Logo

মেয়ের বিয়েতে ৪ লাখ অতিথি, যানজটে অচল বিহারের সড়ক

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
২৭ নভেম্বর, ২০২৬, ১৮:০২
মেয়ের বিয়েতে ৪ লাখ অতিথি, যানজটে অচল বিহারের সড়ক
ছবি: সংগৃহীত

বিয়ের আয়োজন ঘিরে অতিথিদের ভিড় হওয়া স্বাভাবিক। কিন্তু সেই অতিথির সংখ্যা যদি হয় প্রায় ৪ লাখ, তাহলে আয়োজনের বিশালত্বের পাশাপাশি ভোগান্তিও যে বাড়বে, তারই নজির দেখা গেল ভারতের বিহারে। এক রাজনীতিকের মেয়ের বিয়েতে লাখো মানুষের সমাগমে আশপাশের সড়কগুলোতে তৈরি হয় তীব্র যানজট। দীর্ঘ সময় আটকে থাকে অসংখ্য যানবাহন।

বিজ্ঞাপন

গত বুধবার (২৫ নভেম্বর) বিহারের নাদাওয়া গ্রামের পারিবারিক বাড়িতে মেয়ে শিবাঙ্গী সিংয়ের সঙ্গে ঋষিকেশ কুমারের বিয়ের আয়োজন করেন রাজনীতিক অনন্ত সিং।

প্রতিবেদন অনুযায়ী, বিয়েতে প্রায় ৪ লাখ অতিথির আপ্যায়নের ব্যবস্থা করা হয়। বিশাল এই আয়োজনের জন্য আড়াই হেক্টর জায়গাজুড়ে তৈরি করা হয়েছিল নানা ধরনের ব্যবস্থা।

অতিথিদের আপ্যায়নে প্রস্তুত রাখা হয় ৫ লাখ পিস ঐতিহ্যবাহী মিষ্টি। রান্নার দায়িত্বে ছিলেন ৫০০ রাঁধুনি ও বাবুর্চি। খাসির মাংসের কাবাব ও তরকারি তৈরিতে ব্যবহার করা হয় প্রায় ১ হাজার কেজি মাংস।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা গুরুত্বপূর্ণ অতিথিদের যাতায়াতের সুবিধায় তৈরি করা হয়েছিল ছয়টি অস্থায়ী হেলিপ্যাড।

বর ঋষিকেশ কুমারও বিয়ের আসরে হাজির হন ১৫১টি গাড়ির বিশাল বহর নিয়ে। তার পরনে ছিল সানগ্লাস ও হাতে কমলা রঙের স্কার্ফ। বিয়েতে উপহার হিসেবে তাকে দেওয়া হয় একটি ল্যান্ড রোভার ডিফেন্ডার গাড়ি।

অনুষ্ঠানস্থল সাজাতেও ছিল ব্যতিক্রমী আয়োজন। চীন থেকে আমদানি করা ফুল দিয়ে সাজানো হয় পুরো বিয়েবাড়ি। রাতে অতিথিদের জন্য ছিল আতশবাজির আয়োজন।

তবে বিশাল আয়োজনের আনন্দের পাশাপাশি স্থানীয়দের পোহাতে হয়েছে চরম দুর্ভোগ। বিয়েবাড়িতে প্রবেশের সড়কগুলোতে গাড়ির দীর্ঘ সারি তৈরি হয়। যানজটে আটকে পড়েন অতিথি ও স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, এক অতিথি যানজট এড়াতে ট্রাক্টরে চড়ে আশপাশের মাঠ পেরিয়ে বিয়ের অনুষ্ঠানে পৌঁছান।

বিয়েতে নাচগানের প্রচলিত আয়োজনের বদলে অনন্ত সিং রেখেছিলেন ঘোড়দৌড়ের ব্যবস্থা। তবে প্রতিযোগিতা দেখতে আমন্ত্রিত অতিথিদের বাইরেও বহু মানুষ ভিড় করেন। কেউ কেউ গাছ ও বিদ্যুতের খুঁটিতে উঠে খেলা দেখার চেষ্টা করেন। এতে বিশৃঙ্খলা তৈরি হলে শেষ পর্যন্ত ঘোড়দৌড় বাতিল করতে হয়।

অনন্ত সিং বিহারের পাঁচবারের বিধায়ক। তার বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা, চাঁদাবাজি ও অপহরণসহ ২৮টি ফৌজদারি মামলা বিচারাধীন রয়েছে। তবে তার বিরুদ্ধে ওঠা অপরাধের অভিযোগ অস্বীকার করেছেন তিনি। বিয়ের আগে এক টেলিভিশন সাক্ষাৎকারে অনন্ত সিং জানিয়েছিলেন, বড় মেয়ের বিয়েতেও একই ধরনের বিশাল আয়োজন করেছিলেন।

এদিকে ভারতে বিয়ের মৌসুমে সবচেয়ে বেশি বিয়ের আয়োজন হয়ে থাকে। আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত দেশজুড়ে প্রায় ৫২ লাখ বিয়ে হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: দ্য গার্ডিয়ান

জেবি/এসডি
আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD