Logo

জোরপূর্বক স্বীকারোক্তি আদায়ে ফিলিস্তিনিদের নির্যাতনকে বৈধতা দিচ্ছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
২৭ নভেম্বর, ২০২৬, ১৯:২৯
জোরপূর্বক স্বীকারোক্তি আদায়ে ফিলিস্তিনিদের নির্যাতনকে বৈধতা দিচ্ছে ইসরায়েল
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনি বন্দীদের কাছ থেকে জোর করে স্বীকারোক্তি আদায়ে নির্যাতনকে কার্যত বৈধতা দিচ্ছে ইসরায়েল। দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেতের জিজ্ঞাসাবাদে নির্যাতন নিয়মিত পদ্ধতিতে পরিণত হয়েছে বলে অভিযোগ উঠেছে। এমনকি নির্যাতনের মাধ্যমে আদায় করা স্বীকারোক্তির ভিত্তিতেই অনেক বন্দীকে দোষী সাব্যস্ত করা হচ্ছে।

বিজ্ঞাপন

গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ইসরায়েলভিত্তিক নির্যাতনবিরোধী সংগঠন পাবলিক কমিটি অ্যাগেইনস্ট টর্চার ইন ইসরায়েল (পিসিএটিআই)।

প্রতিবেদনে গত এক দশকে শিন বেতের জিজ্ঞাসাবাদকারীদের বিরুদ্ধে দায়ের করা ৪২টি নির্যাতনের অভিযোগ পর্যালোচনা করা হয়েছে। এতে দেখা গেছে, অভিযোগকারীদের তিন-চতুর্থাংশের বেশি নির্যাতন বা অন্য বেআইনি পদ্ধতির শিকার হওয়ার পর স্বীকারোক্তি দিয়েছেন। তাঁদের মধ্যে প্রতি ১০ জনে একজন নির্যাতনের মুখে অন্য ব্যক্তিদের বিরুদ্ধেও অভিযোগ করেছেন।

পিসিএটিআইয়ের তথ্য অনুযায়ী, জিজ্ঞাসাবাদের সময় ফিলিস্তিনি বন্দীদের দীর্ঘ সময় ঘুমাতে দেওয়া হয় না। তাঁদের মারধর, হুমকি ও যৌন নির্যাতনের অভিযোগও রয়েছে। পাশাপাশি দীর্ঘক্ষণ অস্বাভাবিক শারীরিক অবস্থানে আটকে রেখে নির্যাতনের ঘটনাও ঘটছে। এসব অভিযোগের কিছু তথ্য শিন বেতের সরকারি নথিতেও পাওয়া গেছে।

প্রতিবেদনে নির্যাতনের একটি ঘটনার বিবরণও তুলে ধরা হয়েছে। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে এক ফিলিস্তিনি আইনজীবীকে গ্রেপ্তারের পর টানা ২৭ দিন জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময়ে তাঁকে ৫৫২ ঘণ্টার বেশি প্রশ্ন করা হয়েছিল। দিনে গড়ে ২০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ চলে। একবার তাঁকে প্রায় ৪৮ ঘণ্টা একটানা জিজ্ঞাসাবাদ করা হয়। পরে নির্যাতনের মাধ্যমে পাওয়া তথ্যের ভিত্তিতে একটি গুলির ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাঁকে দোষী সাব্যস্ত করা হয়।

অথচ ১৯৯৯ সালে ইসরায়েলের সুপ্রিম কোর্ট জিজ্ঞাসাবাদের সময় ইচ্ছাকৃতভাবে কাউকে ঘুম থেকে বঞ্চিত করার ওপর নিষেধাজ্ঞা দিয়েছিলেন।

পিসিএটিআই আরও জানিয়েছে, ২০০১ থেকে ২০২৪ সাল পর্যন্ত শিন বেতের জিজ্ঞাসাবাদ নিয়ে ১ হাজার ৬৮০টির বেশি নির্যাতনের অভিযোগ জমা পড়েছে। কিন্তু এত অভিযোগের পরও কোনো ব্যক্তিকে বিচারের মুখোমুখি করা হয়নি।

সংগঠনটির নির্বাহী পরিচালক সারি বাশির অভিযোগ, ফিলিস্তিনি বন্দীদের কাছ থেকে স্বীকারোক্তি আদায়ে ইসরায়েলের আইনি ব্যবস্থায় নির্যাতনের সুযোগ রাখা হয়েছে। জিজ্ঞাসাবাদের সময় নির্দিষ্ট পরিস্থিতিতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুমতি নিয়ে শিন বেতের কর্মকর্তারা নির্যাতন চালাতে পারেন। তবে নির্যাতনের মাধ্যমে আদায় করা স্বীকারোক্তিতে দেওয়া তথ্যের সত্যতা যাচাই যথাযথভাবে করা হচ্ছে না।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল জাতিসংঘের নির্যাতনবিরোধী সনদে স্বাক্ষর করলেও বাস্তবে নির্যাতনের সুযোগ বহাল রেখেছে। কোনো জিজ্ঞাসাবাদে নির্যাতনকে ‘প্রয়োজনীয়’ মনে করলে শিন বেতের কর্মকর্তারা ঊর্ধ্বতনদের অনুমতি নিতে পারেন।

এদিকে, গত মার্চে ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে একটি আইন পাস হয়। এতে প্রাণঘাতী হামলাসংশ্লিষ্ট সন্ত্রাসবাদের অভিযোগে দোষী সাব্যস্ত ফিলিস্তিনিদের মৃত্যুদণ্ড দেওয়ার বিধান রাখা হয়েছে। তবে একই ধরনের অপরাধে দোষী সাব্যস্ত ইহুদি ইসরায়েলিদের ক্ষেত্রে আইনটি প্রযোজ্য হবে না।

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক সতর্ক করে বলেছেন, আইনটি কার্যকর হলে তা যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হতে পারে।

পিসিএটিআইয়ের আশঙ্কা, নির্যাতনের মাধ্যমে আদায় করা স্বীকারোক্তির ভিত্তিতে মৃত্যুদণ্ড কার্যকর হলে বিচারব্যবস্থায় গুরুতর ভুলের ঝুঁকি তৈরি হবে। সংগঠনটি জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবরের পর থেকে ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনি বন্দীদের ওপর নির্যাতনের ঘটনা বেড়েছে।

মানবাধিকার সংগঠনগুলোর নথিতে বন্দীদের মারধর, কুকুর দিয়ে আক্রমণ, বৈদ্যুতিক শক, হুমকি ও যৌন সহিংসতার অভিযোগ উঠে এসেছে। ২০২৩ সালের অক্টোবরের পর থেকে ইসরায়েলের হেফাজতে অন্তত ১০৩ জন ফিলিস্তিনি বন্দীর মৃত্যু হয়েছে।

সূত্র: দ্য গার্ডিয়ান

জেবি/এসডি
আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD