Logo

পুতিনের সঙ্গে বন্ধুত্বকে হিটলারের সাথে বন্ধুত্ব বললেন জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
২৭ নভেম্বর, ২০২৬, ১৯:১০
পুতিনের সঙ্গে বন্ধুত্বকে হিটলারের সাথে বন্ধুত্ব বললেন জেলেনস্কি
ছবি: সংগৃহীত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সমালোচনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ট্রাম্পের পুতিনকে ‘বন্ধু’ হিসেবে সম্বোধন করার বিষয়টিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারের সঙ্গে বন্ধুত্বের তুলনা করেছেন তিনি।

বিজ্ঞাপন

শুক্রবার (২৭ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, পুতিনকে ট্রাম্পের বন্ধু হিসেবে উল্লেখ করা তার কাছে বিস্ময়কর মনে হয়েছে।

এ প্রসঙ্গে তিনি বলেন, “পুতিন একজন আগ্রাসনকারী… একজন খুনি। তিনি বন্ধু হতে পারেন না। ট্রাম্প তাকে বন্ধু হিসেবে অভিহিত করেছেন। বিষয়টি এমন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কেউ হিটলারকে ভালো বন্ধু হিসেবে ডাকছেন। না হিটলার কোনো বন্ধু নন।”

গত সপ্তাহে চীনের সাংহাইয়ে অনুষ্ঠিত একটি সম্মেলনে সরাসরি সাক্ষাৎ করেন ট্রাম্প ও পুতিন। বৈঠকের পর সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দুজনের করমর্দনের একটি ছবি প্রকাশ করেন ট্রাম্প। সেখানে পুতিনকে ‘আমার বন্ধু’ বলে উল্লেখ করেন তিনি।

এদিকে, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে জেলেনস্কির সম্পর্ক তুলনামূলক ভালো ছিল। তবে ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই ইউক্রেনীয় প্রেসিডেন্টের সমালোচনা করে আসছেন। এর ধারাবাহিকতায় ২০২৫ সালের ফেব্রুয়ারিতে হোয়াইট হাউসে এক প্রকাশ্য বৈঠকে ট্রাম্প ও মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স জেলেনস্কিকে তিরস্কার করেন।

সম্প্রতি ইউক্রেনের রাশিয়ার তেল শোধনাগারগুলোতে চালানো হামলারও সমালোচনা করেছেন ট্রাম্প। তার দাবি, এসব হামলার কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ছে। একই সঙ্গে ইউক্রেনকে গোয়েন্দা তথ্য সরবরাহ বন্ধ করে দেওয়ার হুমকিও দিয়েছেন তিনি।

সূত্র: রয়টার্স।

জেবি/জেএইচআর
আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD