আফগানিস্তানে স্কুলের পাশে বিস্ফোরণে নিহত ৬ শিক্ষার্থী, আহত ৯৭

কুনার প্রদেশে বিদ্যালয়ের কাছাকাছি একটি বাড়িতে বিস্ফোরণের ঘটনায় অন্তত ছয় শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৯৭ জন। আহত ও নিহতের সংখ্যা প্রাথমিক পর্যায়ের বলে জানিয়েছে স্থানীয় হাসপাতাল কর্তৃপক্ষ। তাদের আশঙ্কা, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।
বিজ্ঞাপন
শনিবার (২৮ নভেম্বর) সকাল ১০টার দিকে আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশের আন্দার সের এলাকায় একটি মাধ্যমিক বিদ্যালয়ের পাশের বাড়িতে এ বিস্ফোরণ ঘটে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
কুনার প্রাদেশিক হাসপাতালের প্রধান মাওলা দাদ জানান, বিস্ফোরণে আহত ব্যক্তিদের চিকিৎসা দেওয়া হচ্ছে। পরিস্থিতি বিবেচনায় হতাহতের সংখ্যা পরিবর্তিত হতে পারে।
প্রাদেশিক তথ্য ও সংস্কৃতি বিভাগের পরিচালক মাওলভি সামি-উল-হক জানান, ওই বাড়িতে খননকাজে নিয়োজিত কয়েকজন ব্যক্তি বসবাস করতেন। বাড়িটিতে বিস্ফোরক হিসেবে ব্যবহৃত ডিনামাইট মজুত ছিল।
তবে কী কারণে বিস্ফোরণ ঘটেছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার পর তদন্তকারী দল ঘটনাস্থলে কাজ শুরু করেছে। কুনার প্রদেশটি পাকিস্তান সীমান্তসংলগ্ন এলাকায় অবস্থিত।








