Logo

বোরকা-নিকাব পরলে জরিমানা, ইতালির স্কুলে নতুন বিধিনিষেধ

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
২৮ নভেম্বর, ২০২৬, ১৬:৫৮
বোরকা-নিকাব পরলে জরিমানা, ইতালির স্কুলে নতুন বিধিনিষেধ
ছবি: সংগৃহীত

ইতালির শিক্ষাপ্রতিষ্ঠানে বোরকা ও নিকাবের মতো মুখ ঢেকে রাখার পোশাক নিষিদ্ধ করে শিক্ষা সংস্কার আইন পাস করেছে দেশটির পার্লামেন্ট। একই সঙ্গে প্রথম বর্ষের শ্রেণিতে বিদেশি শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে ৩০ শতাংশ সীমা নির্ধারণ করা হয়েছে। নতুন আইনে বিদেশি শিক্ষার্থীদের অভিভাবকদের জন্য ইতালীয় ভাষা শেখার কোর্সের ব্যবস্থাও রাখা হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (২৬ নভেম্বর) ইতালির পার্লামেন্টের নিম্নকক্ষ চেম্বার অব ডেপুটিজে আইনটি পাস হয়। ভোটাভুটিতে এর পক্ষে ১৪২ জন এবং বিপক্ষে ১১২ জন সংসদ সদস্য ভোট দেন। ভোটদানে বিরত ছিলেন চারজন।

এর আগে ২০ নভেম্বর পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে আইনটি অনুমোদন পায়। নিম্নকক্ষের সম্মতির মধ্য দিয়ে পার্লামেন্টের উভয় কক্ষেই পাস হলো শিক্ষা সংস্কার আইনটি।

নতুন বিধান অনুযায়ী, স্কুল চলাকালে শিক্ষার্থীরা বোরকা ও নিকাবের মতো মুখমণ্ডল ঢেকে রাখে এমন পোশাক পরতে পারবে না। আইন অমান্য করলে সর্বোচ্চ ১ হাজার ইউরো জরিমানার বিধান রাখা হয়েছে। শিক্ষার্থী অপ্রাপ্তবয়স্ক হলে জরিমানার দায় তার বাবা-মা বা আইনি অভিভাবকের ওপর বর্তাবে। তবে সাধারণ হিজাব, যাতে মুখ খোলা থাকে, তা নিষেধাজ্ঞার আওতায় পড়ে না।

এ ছাড়া প্রথম বর্ষের শ্রেণিতে বিদেশি শিক্ষার্থীদের উপস্থিতির ক্ষেত্রে ৩০ শতাংশ সীমা নির্ধারণ করা হয়েছে। তবে ইতালীয় ভাষায় পর্যাপ্ত দক্ষতা থাকা শিক্ষার্থীদের ক্ষেত্রে এই সীমা প্রযোজ্য হবে না। বিদেশি শিক্ষার্থীদের অভিভাবকদের ইতালীয় ভাষা শেখার কোর্সের ব্যবস্থাও অন্তর্ভুক্ত করা হয়েছে আইনে।

আইন পাসের পর ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির দপ্তর থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ‘এ আইনটি একটি বৃহত্তর শিক্ষা সংস্কারের অংশ। এর লক্ষ্য হলো ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের কার্যক্রম যথাসময়ে শুরু করা, ‘ন্যাশনাল রিকভারি অ্যান্ড রেজিলিয়েন্স প্ল্যান’ (পিএনআরআর)-এর আওতায় বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করা এবং বিদেশি শিক্ষার্থীদের মূলধারায় অন্তর্ভুক্তিতে সহায়তা করা।’

গত ২১ সেপ্টেম্বর মিলানে এক জনসভায় শিক্ষা সংস্কারের পরিকল্পনা ঘোষণা করেছিলেন মেলোনি। স্কুলে মুসলিম শিক্ষার্থীদের বোরকা ও নিকাব পরার প্রসঙ্গে তিনি বলেছিলেন, ‘শিক্ষার্থীদের অবশ্যই মুখ খোলা রেখে স্কুলে আসতে হবে। ইতালিতে কখনও এমন কোনো সংস্কৃতিকে পৃষ্ঠপোষকতা দেওয়া হয় না, যা একজন কিশোরী বা তরুণীকে মুখ ঢেকে চলতে উৎসাহিত করে।’

বিদেশি শিক্ষার্থীদের সংখ্যা সীমিত করার পক্ষে যুক্তি তুলে ধরে ওই জনসভায় তিনি বলেছিলেন, ‘স্কুলগুলো সর্বোচ্চ কত সংখ্যক বিদেশি শিক্ষার্থী ভর্তি করাতে পারবে, সে সংক্রান্ত একটি প্রস্তাব শিগগিরই মন্ত্রীসভার বৈঠকে পেশ করা হবে। এছাড়া যেসব বিদেশি শিক্ষার্থীর স্কুল ব্যবস্থায় মানিয়ে নিতে সমস্যা হচ্ছে, তাদের অভিভাবকদের ইতালীয় ভাষা শেখা বাধ্যতামূলক করা এবং স্কুলে বোরকা ও নিকাব নিষিদ্ধ করার মতো বিষয় অন্তর্ভুক্ত থাকবে সেই প্রস্তাবে।’

এরপর ২৫ সেপ্টেম্বর এ বিষয়ে অধ্যাদেশ জারি করে মেলোনির নেতৃত্বাধীন মন্ত্রিসভা। প্রায় দুই মাস পর পার্লামেন্টের উভয় কক্ষে অনুমোদনের মধ্য দিয়ে শিক্ষা সংস্কার আইনটি পাস হলো।

তবে আইনটি নিয়ে সমালোচনা জানিয়েছে ইতালির বিরোধী দলগুলো। তাদের অভিযোগ, নতুন বিধান দেশটির শিক্ষা ব্যবস্থার প্রকৃত সমস্যাগুলো সমাধান করতে পারবে না। বরং এসব পদক্ষেপ শিক্ষার্থীদের মধ্যে বিভাজন তৈরি করতে পারে।

সূত্র: এএফপি, ইন্ডিয়া টুডে

জেবি/এসডি
আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD