গুলির মুখে ইরানের আকাশসীমা ছাড়ল মার্কিন যুদ্ধবিমান

সতর্কতামূলক গুলির মুখে ইরানের আকাশসীমার কাছ থেকে সরে যেতে বাধ্য হয়েছে যুক্তরাষ্ট্রের একটি এফ-১৬ যুদ্ধবিমান। শুক্রবার (২৭ নভেম্বর) ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্সের বরাতে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ফার্স নিউজ।
বিজ্ঞাপন
আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের জনসংযোগ দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, সামুদ্রিক নিয়ম লঙ্ঘনকারী জলযানগুলোকে আকাশপথ থেকে নিরাপত্তা দেওয়ার সময় মার্কিন এফ-১৬ যুদ্ধবিমানটি ইরানের আকাশসীমার কাছাকাছি চলে আসে। এ সময় আইআরজিসি পরিচালিত একটি নতুন ও উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে বিমানটিকে লক্ষ্য করে সতর্কতামূলক গুলি ছোড়া হয়। পরে কৌশল পরিবর্তন করে বিমানটি ইরানের আকাশসীমা থেকে সরে যায় বলে দাবি করা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, হরমুজ প্রণালিতে সামুদ্রিক চলাচল নিয়ন্ত্রণকারী বিধিবিধান এড়িয়ে যাওয়ার যেকোনো চেষ্টা গ্রহণযোগ্য নয়। এ ধরনের নিয়ম লঙ্ঘন অব্যাহত থাকলে সংশ্লিষ্ট পক্ষ এবং তাদের সহায়তাকারী সামরিক বাহিনীকে আরও বড় ক্ষতির মুখে পড়তে হতে পারে।
মার্কিন সামরিক কমান্ডারদের উদ্দেশে সতর্কবার্তা দিয়ে আইআরজিসি জানায়, ইরানের আকাশসীমা দেশটির সশস্ত্র বাহিনীর জন্য একটি ‘লাল রেখা’। মার্কিন যুদ্ধবিমানের পুনরায় অনুপ্রবেশ বা নিয়ম লঙ্ঘনের জবাবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
আইআরজিসির দাবি, এমন পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমানটির পরিণতি আগে তাদের হামলার লক্ষ্যবস্তু হওয়া এফ-১৫ যুদ্ধবিমান ও ড্রোনের মতো হতে পারে।
প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানের পর গত ফেব্রুয়ারিতে হরমুজ প্রণালি বন্ধ করে দেয় ইরান। একই সঙ্গে এই কৌশলগত জলপথ দিয়ে নিরাপদে চলাচলের জন্য ইরানের সশস্ত্র বাহিনীর সঙ্গে সমন্বয় করার শর্ত দেয় তেহরান।
সূত্র: ফার্স নিউজ








