আফগানিস্তানে নারীদের পরিচয় আড়াল, ‘বিবি’ সম্বোধনের নির্দেশ

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বালখ প্রদেশে সরকারি নথিপত্রে নারীদের প্রকৃত নাম ব্যবহার না করার নির্দেশ দিয়েছে তালেবান সরকার। এর পরিবর্তে নারীদের ‘বিবি’ সম্বোধন করতে বলা হয়েছে স্বাস্থ্যকর্মী ও সরকারি কর্মচারীদের। এ নির্দেশনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন নারী অধিকারকর্মীরা।
বিজ্ঞাপন
স্পেনের সংবাদমাধ্যম এল পাইসের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। খবরটি প্রকাশ করেছে ফক্স নিউজ।
প্রতিবেদন অনুযায়ী, হাসপাতালের চিকিৎসাসংক্রান্ত নথি, ব্যবস্থাপত্র এবং সরকারি কাগজপত্রে নারীদের প্রকৃত নামের পরিবর্তে ‘বিবি’ শব্দটি ব্যবহার করতে বলা হচ্ছে। শব্দটির অর্থ দাদি বা বৃদ্ধা।
জার্মানিতে বসবাসরত আফগান নারী অধিকারকর্মী লালাহ ওসমানি জানিয়েছেন, নারী, চিকিৎসক ও অধিকারকর্মীদের কাছ থেকে পাওয়া তথ্যে আরও কিছু অবমাননাকর সম্বোধনের অভিযোগও উঠে এসেছে। তার দাবি, কিছু নারীকে ‘ছাগল’ ও ‘গরু’ বলেও ডাকা হচ্ছে।
ওসমানির মতে, নারীদের প্রকৃত পরিচয় আড়াল করে এ ধরনের সম্বোধন ব্যবহারের মাধ্যমে তাদের সামাজিক পরিচিতি ও মর্যাদা ক্ষুণ্ন করা হচ্ছে।
একজন আফগান অধিকারকর্মীও এ ধরনের নির্দেশ জারির বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তার দাবি, এখন পর্যন্ত নির্দেশটি উপেক্ষা করা হচ্ছে।
নারী অধিকারবিষয়ক সংস্থা ফেমেনার আফগানিস্তান কর্মসূচির পরিচালক জুবাইদা আকবার আশঙ্কা প্রকাশ করেছেন, বালখ প্রদেশে চালু হওয়া এ বিধিনিষেধ ভবিষ্যতে পুরো দেশে ছড়িয়ে পড়তে পারে। তার মতে, অতীতে বিভিন্ন অঞ্চলে নারীদের ওপর আরোপ করা বিধিনিষেধ পরবর্তী সময়ে দেশজুড়ে কার্যকর করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানে নারীদের অধিকার সীমিত করতে তালেবান এ পর্যন্ত ১৪৪টির বেশি নির্দেশ জারি করেছে। এর মধ্যে ১২ বছরের বেশি বয়সী মেয়েদের শিক্ষার সুযোগ বন্ধ, অধিকাংশ পেশায় নারীদের কাজের ওপর নিষেধাজ্ঞা এবং জনসমক্ষে কথা বলার ক্ষেত্রে বিধিনিষেধ রয়েছে।
এসব বাধার মধ্যেও কিছু নারী গোপনে ব্যবসা পরিচালনা করছেন এবং মেয়েদের পড়াশোনার ব্যবস্থা করছেন বলে গত ১৭ নভেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে উঠে এসেছে।
তবে প্রতিরোধবিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ আসলাম বলেছেন, ইসলামি শরিয়াহ ও প্রচলিত আইন মেনে নারীরা ব্যবসা এবং সামাজিক কার্যক্রম পরিচালনা করতে পারবেন।
চিকিৎসাসংক্রান্ত নথিতে নারীদের প্রকৃত নাম ব্যবহার না করার সিদ্ধান্তের সমালোচনা করেছেন লালাহ ওসমানি। তার আশঙ্কা, একই ধরনের সম্বোধন ব্যবহার করে রোগীদের নথি সংরক্ষণ করলে চিকিৎসা ব্যবস্থায় বিভ্রান্তি তৈরি হতে পারে। এতে ভুল চিকিৎসার ঝুঁকিও বাড়তে পারে।
তিনি বলেন, আফগানিস্তানে একজন নারীকে তার প্রকৃত নামে ডাকা এখন প্রতিরোধের একটি কাজ হয়ে দাঁড়িয়েছে।








