ইরানের সঙ্গে স্থলযুদ্ধে নামার সক্ষমতা যুক্তরাষ্ট্র-ইসরায়েলের নেই: তেহরান

ইরানের সশস্ত্র বাহিনীর সঙ্গে স্থলযুদ্ধে জড়ানোর সক্ষমতা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নেই বলে দাবি করেছেন দেশটির সেনাবাহিনীর স্থলবাহিনীর উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল নোজার নেমাতি। তিনি বলেছেন, ইরানের সীমান্ত সুরক্ষায় সশস্ত্র বাহিনী পুরোপুরি প্রস্তুত রয়েছে। স্থলযুদ্ধে ইরানের সামরিক সক্ষমতা সম্পর্কেও প্রতিপক্ষ ভালোভাবে অবগত।
বিজ্ঞাপন
শনিবার (২৮ নভেম্বর) তেহরানে এক অনুষ্ঠানের ফাঁকে এসব কথা বলেন নেমাতি।
তিনি জানান, সংঘাত শুরুর আগেই সেনাবাহিনীর স্থলবাহিনী দেশের সীমান্তবর্তী এলাকায় সেনা মোতায়েন করেছিল। একই সঙ্গে সীমান্ত সুরক্ষায় প্রয়োজনীয় প্রস্তুতি ও আগাম পরিকল্পনাও নেওয়া হয়েছিল।
নেমাতির ভাষ্য অনুযায়ী, ১২ দিনের যুদ্ধ এবং পরবর্তী বিভিন্ন ঘটনা ও সংঘাতের সময় সেনাবাহিনীর স্থলবাহিনী অন্য সামরিক বাহিনীর সঙ্গে সমন্বয় করে নিজেদের দায়িত্ব পালন করেছে। তাঁর দাবি, ইরানের সশস্ত্র বাহিনীর সঙ্গে স্থলযুদ্ধে জড়ানোর সামর্থ্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নেই।
সাম্প্রতিক সামরিক ঘটনাপ্রবাহে স্থলবাহিনীর ক্ষেপণাস্ত্র ও ড্রোন ইউনিটের ভূমিকার কথাও তুলে ধরেন এই কর্মকর্তা। তিনি বলেন, ১২ দিনের যুদ্ধের শুরু থেকেই এসব ইউনিট সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছে এবং এখনো তাদের কার্যক্রম অব্যাহত রয়েছে।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হুমকি মোকাবিলায় সামরিক প্রস্তুতির পাশাপাশি জনগণের অংশগ্রহণকেও গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন নেমাতি। তাঁর মতে, সশস্ত্র বাহিনী ও জনগণ ঐক্যবদ্ধ থাকলে এবং সীমান্তসহ প্রতিরক্ষার বিভিন্ন ক্ষেত্রে পূর্ণ প্রস্তুতি বজায় রাখলে উদ্বেগের কোনো কারণ নেই।
ইরানের সীমান্ত পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, দেশটির সঙ্গে ১৪টি দেশের সীমান্ত রয়েছে। প্রতিবেশী কয়েকটি দেশে অস্থিতিশীলতা থাকলেও সশস্ত্র বাহিনীর প্রস্তুতি ও তৎপরতার কারণে ইরানের সীমান্তে নিরাপত্তা বজায় রয়েছে।
সূত্র: মেহের নিউজ








