ট্রাম্প প্রশাসনে আতঙ্ক, ইরানের হুমকিতে সামরিক ঘাঁটিতে মন্ত্রীরা

ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। ইরানের পক্ষ থেকে প্রাণনাশের হুমকির আশঙ্কায় যুক্তরাষ্ট্রের অন্তত ছয়জন জ্যেষ্ঠ কর্মকর্তা ওয়াশিংটনের সামরিক ঘাঁটির আবাসনে উঠেছেন। এসব বাসস্থান সাধারণত উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের জন্য নির্ধারিত। অতীতের মার্কিন প্রশাসনগুলোর তুলনায় একসঙ্গে এত বেশি বেসামরিক কর্মকর্তার সামরিক আবাসনে থাকার ঘটনা নজিরবিহীন বলে জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন।
বিজ্ঞাপন
শুক্রবার (২৭ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে সিএনএন জানায়, সামরিক ঘাঁটির এসব আবাসন কাঁটাতারের বেড়া দিয়ে সুরক্ষিত। নিয়ন্ত্রিত প্রবেশপথ ছাড়া সেখানে প্রবেশের সুযোগ নেই। তবে ঠিক কী কারণে অধিকাংশ কর্মকর্তা সামরিক আবাসনে উঠেছেন, তা প্রতিবেদনে স্পষ্ট করা হয়নি। এর মধ্যেই ট্রাম্প প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের লক্ষ্য করে ইরানের হুমকির বিষয়টি সামনে এসেছে।
এর আগে গত ১৭ নভেম্বর সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছিল, ওয়াশিংটনে রাসায়নিক অস্ত্র অথবা ‘ডার্টি বোমা’ বিস্ফোরণের মাধ্যমে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করার পরিকল্পনা করছে ইরান। ডার্টি বোমা বিস্ফোরণের মাধ্যমে তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে দিতে সক্ষম এক ধরনের বিস্ফোরক।
রাজধানীর নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যে ওয়াশিংটনে ন্যাশনাল গার্ড মোতায়েন করেছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের রাজধানীকে নিরাপদ ও সুন্দর করে তোলার উদ্যোগ নিয়েছে প্রশাসন।
ওই কর্মকর্তা বলেন, ‘নিরাপত্তার সুনির্দিষ্ট হুমকির কারণে মন্ত্রিসভার অনেক সদস্য নিজেরা শহরে বসবাস করতে পারছেন না। তা সত্ত্বেও তারা প্রশাসনের উদ্যোগগুলোতে ব্যক্তিগতভাবে অবদান রেখে চলেছেন।’
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট সম্প্রতি জর্জটাউনের নিজস্ব বাড়ি ছেড়ে ওয়াশিংটনের একটি সামরিক ঘাঁটিতে উঠেছেন। সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে সর্বশেষ তিনি সামরিক আবাসনে যোগ দিয়েছেন।
গত নভেম্বরে সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের প্রাণনাশের হুমকির কথা উল্লেখ করে স্থানান্তরের কারণ ব্যাখ্যা করেন বেসেন্ট। এ সময় ইরানের নেতৃত্বের সমালোচনাও করেন তিনি।
বেসেন্ট বলেন, ‘তারা আমার এবং মন্ত্রিসভার অন্য সদস্যদের বিরুদ্ধে প্রাণনাশের হুমকি দিয়েছে। আমরা ভয়ে পিছিয়ে যাব না।’
অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চও বর্তমানে একটি সামরিক ঘাঁটিতে বসবাস করছেন বলে জানিয়েছে সিএনএন। বিষয়টি সম্পর্কে অবগত ব্যক্তিদের বরাতে সংবাদমাধ্যমটি জানায়, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ থেকেই তিনি সেখানে উঠেছেন। তাঁর পূর্বসূরি পাম বন্ডিও ২০২৫ সালে একটি সামরিক ঘাঁটিতে বসবাস করতেন।
এদিকে হোয়াইট হাউসের চিফ অব স্টাফ স্টিফেন মিলার পরিবারের সদস্যদের নিয়ে সামরিক ঘাঁটিতে উঠেছেন। ভার্জিনিয়ায় তাঁর বাড়ির বাইরে এক নারী বিক্ষোভ করার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। ওই বিক্ষোভের সময় মিলারের ব্যক্তিগত ঠিকানা উল্লেখ করে প্রচারপত্র ছড়িয়ে দেওয়া হয়েছিল।
হোয়াইট হাউসের ওই কর্মকর্তা বলেন, ‘মিলার পরিবারকে লক্ষ্য করে পরিকল্পিত ও নথিবদ্ধভাবে অনুসরণ, ব্যক্তিগত তথ্য প্রকাশ এবং হুমকির একটি অভিযান চালানো হয়েছিল। এ কারণেই তারা বাসস্থান পরিবর্তন করেছেন।’
সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, মিলার যে সামরিক ঘাঁটিতে থাকছেন, সেখানেই রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।
তবে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের সামরিক আবাসনে থাকার বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন ডেমোক্র্যাট আইনপ্রণেতারা। ২০২৭ সালের বসন্তের মধ্যে নতুন এই আবাসন ব্যবস্থার যৌক্তিকতা পেন্টাগনকে ব্যাখ্যা করতে হবে বলে দাবি উঠেছে। বিষয়টি তদন্তের আহ্বান জানিয়েছেন ক্যালিফোর্নিয়ার প্রতিনিধি জর্জ হোয়াইটসাইডস।
হোয়াইটসাইডস বলেন, ‘সামরিক সদস্যদের জন্য নির্ধারিত আবাসনে রাজনৈতিকভাবে নিয়োগ পাওয়া কর্মকর্তাদের বসবাসের বিষয়টি তদন্ত করা প্রয়োজন। তারা আবাসনের জন্য ন্যায্য বাজারমূল্য পরিশোধ করছেন কি না, তা নিশ্চিত করতে হবে।’
সিএনএন জানিয়েছে, সামরিক আবাসনে থাকা কর্মকর্তাদের এ জন্য অর্থ পরিশোধ করতে হয়। ২০২৫ সালে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের ফোর্ট ম্যাকনেইরের বাসভবনে অতিরিক্ত সুবিধা যুক্ত করতে মার্কিন সেনাবাহিনীর ১ লাখ ৩৭ হাজার ২৯৭ ডলার ব্যয়ের পরিকল্পনা প্রকাশের পর সমালোচনার মুখে পড়েছিলেন তিনি।
আমেরিকান ইউনিভার্সিটির সেন্টার ফর কংগ্রেশনাল অ্যান্ড প্রেসিডেনশিয়াল স্টাডিজের পরিচালক থমাস কান কর্মকর্তাদের এভাবে বসবাসের ব্যবস্থাকে ‘খুবই দুঃখজনক’ বলে মন্তব্য করেছেন। তাঁর মতে, এ ব্যবস্থায় তাঁরা সাধারণ মানুষের মতো কোনো এলাকায় বসবাস করছেন না।
কান বলেন, ‘এ ধরনের দায়িত্বে থাকলে তারা এমনিতেই এক ধরনের নিরাপত্তাবেষ্টনীর মধ্যে বসবাস করেন। তাদের সঙ্গে নিরাপত্তাকর্মী থাকে এবং এক অনুষ্ঠান থেকে আরেক অনুষ্ঠান কিংবা বাসায় নেওয়া-আনা করা হয়। এ ধরনের ব্যবস্থা সরকারি কর্মকর্তাদের সাধারণ মানুষের কাছ থেকে আরও বিচ্ছিন্ন করে তোলে।’
সূত্র: সিএনএন।








