কঙ্গোতে ইবোলায় মৃত্যু ৬০০, উদ্বেগ বাড়াচ্ছে সংক্রমণ

আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে (ডিআর কঙ্গো) ইবোলা ভাইরাসের ভয়াবহ প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা বেড়ে ৬০০ জনে পৌঁছেছে। দেশটির সরকারি তথ্যের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা।
বিজ্ঞাপন
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে দ্রুত ছড়িয়ে পড়ছে ইবোলা। এখন পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৭৫৯ জনে।
স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, ইবোলার বুন্দিবুগিও প্রজাতির সংক্রমণ ইতোমধ্যে ইতুরি, উত্তর কিভু ও দক্ষিণ কিভু—এই তিন প্রদেশের ৩৭টি স্বাস্থ্য অঞ্চলে ছড়িয়ে পড়েছে। এছাড়া শোপো প্রদেশের কিসাঙ্গানি শহরেও নতুন করে দুইজনের শরীরে একই ধরনের ভাইরাস শনাক্ত হয়েছে। ধারণা করা হচ্ছে, তারা ইতুরির নিয়া-নিয়া স্বাস্থ্য অঞ্চল থেকে সংক্রমিত হয়েছেন।
এদিকে আক্রান্তদের মধ্যে প্রায় ৭৫০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে ২৮৫ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) আফ্রিকা আঞ্চলিক কার্যালয় জানিয়েছে, চিকিৎসাকেন্দ্রে পৌঁছানোর আগেই অনেক রোগীর মৃত্যু হচ্ছে, যা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে। একই সঙ্গে ইতুরি ও উত্তর কিভুর নতুন নতুন এলাকায় সংক্রমণ ছড়িয়ে পড়াও বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে।
গত ১৫ মে ইবোলার প্রাদুর্ভাব ঘোষণা করার পর থেকে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে ইতুরি প্রদেশে। দেশটির মোট সংক্রমণের ৯০ শতাংশের বেশি এবং মৃত্যুর ৮৪ শতাংশেরও বেশি এই প্রদেশে হয়েছে।
বিজ্ঞাপন
ডব্লিউএইচওর তথ্য অনুযায়ী, ৫ জুলাই পর্যন্ত তদন্ত করা ৪৩০টি মৃত্যুর ঘটনার মধ্যে প্রায় ৪০০ জন চিকিৎসাকেন্দ্রে পৌঁছানোর আগেই মারা গেছেন। সংস্থাটি বলছে, এটি রোগী শনাক্তকরণ, হাসপাতালে স্থানান্তর, আইসোলেশন এবং সময়মতো চিকিৎসা নিশ্চিত করার ক্ষেত্রে বড় ধরনের দুর্বলতার ইঙ্গিত দেয়।
সূত্র: এএফপি








