আলোচনা ব্যর্থ হলেও দুই দেশের মধ্যে চুক্তির সুযোগ এখনও আছে

ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া আলোচনা ব্যর্থ হলেও দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির সম্ভাবনা এখনো রয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি মনে করেন, যুক্তরাষ্ট্র যদি তাদের ‘স্বৈরতান্ত্রিক মনোভাব’ পরিত্যাগ করে এবং ইরানের জাতীয় অধিকারকে সম্মান জানায়, তাহলে চুক্তি সম্ভব।
বিজ্ঞাপন
রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পেজেশকিয়ান বলেন, “যদি মার্কিন সরকার তাদের স্বৈরতান্ত্রিক মনোভাব পরিত্যাগ করে এবং ইরানের জনগণের জাতীয় অধিকারকে সম্মান করে, তাহলে একটি চুক্তিতে পৌঁছানোর পথ খোলা থাকবে।” তিনি আলোচনায় অংশ নেওয়া ইরানি প্রতিনিধি দলকে ধন্যবাদ জানিয়ে বলেন, তাদের প্রচেষ্টা প্রশংসনীয়।
ইসলামাবাদে আলোচনার পরপরই তিনি এই প্রতিক্রিয়া জানান।
বিজ্ঞাপন
গত কয়েক দশক ধরে ইরানের পারমাণবিক কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র কার্যক্রমকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির উত্তেজনা চলমান। এ ইস্যুতে গত ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত টানা ২১ দিন আলোচনা হলেও কোনো সমঝোতা হয়নি।
পরবর্তীতে ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ‘অপারেশন এপিক ফিউরি’ এবং ইসরায়েল ‘অপারেশন রোয়ারিং লায়ন’ নামে সামরিক অভিযান শুরু করে। সংঘাতের এই পর্বে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা আরও বৃদ্ধি পায়।
এরপর ৭ এপ্রিল দুই দেশ যুদ্ধবিরতি ঘোষণা করে। সেই ধারাবাহিকতায় ১১ এপ্রিল ইসলামাবাদে দুই পক্ষের প্রতিনিধিরা ২১ ঘণ্টার দীর্ঘ আলোচনায় বসলেও শেষ পর্যন্ত কোনো চুক্তি ছাড়াই বৈঠক শেষ হয়।
বিজ্ঞাপন
সূত্র : বিবিসি








