ইরানি বন্দরে মার্কিন অবরোধের তীব্র নিন্দা রাশিয়ার

ইরানের বন্দরের ওপর যুক্তরাষ্ট্রের অবরোধ আরোপের সিদ্ধান্তের সমালোচনা করেছে রাশিয়া। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ বলেছেন, এ ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক বাজারে নেতিবাচক প্রভাব ফেলবে।
বিজ্ঞাপন
সোমবার (১৩ এপ্রিল) সাংবাদিকদের তিনি বলেন, “এ ধরনের কর্মকাণ্ডের প্রভাব বিশ্ব অর্থনীতিতে পড়বে—এটি নিশ্চিতভাবে বলা যায়।” তবে বিষয়টি নিয়ে এখনো অনেক অনিশ্চয়তা রয়েছে উল্লেখ করে তিনি এ নিয়ে বিস্তারিত মন্তব্য থেকে বিরত থাকার কথা জানান।
এ সময় ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম রাশিয়ায় স্থানান্তরের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে পেসকোভ জানান, এ ধরনের একটি প্রস্তাব উঠেছিল, তবে তা গ্রহণ করা হয়নি। একই সঙ্গে তিনি বলেন, এ বিষয়ে সহযোগিতার জন্য রাশিয়া প্রস্তুত রয়েছে।
বিজ্ঞাপন
এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরানকে স্যাটেলাইট চিত্র ও তথ্য দিয়ে সহায়তা করার দাবি করেছে রাশিয়া। তাদের সরবরাহ করা তথ্যের ভিত্তিতে ইরান মার্কিন সামরিক স্থাপনায় নির্ভুল হামলা চালিয়েছে বলেও উল্লেখ করা হয়।
সূত্র : সিএনএন








