ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম নিতে চায় রাশিয়া

ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার মধ্যেই নতুন একটি প্রস্তাব সামনে এনেছে রাশিয়া। দেশটি জানিয়েছে, ইরান-এর উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম নিজেদের কাছে নিয়ে সংরক্ষণ ও প্রক্রিয়াজাত করতে তারা প্রস্তুত।
বিজ্ঞাপন
ক্রেমলিনের পক্ষ থেকে বলা হয়েছে, এটি নতুন কোনো ধারণা নয়; বহু বছর ধরেই এমন প্রস্তাব দিয়ে আসছে মস্কো। পরিকল্পনা অনুযায়ী, ইরানের অতিরিক্ত সমৃদ্ধ ইউরেনিয়াম রাশিয়ায় নিয়ে গিয়ে তা প্রক্রিয়াজাত করা হবে এবং পরে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি হিসেবে পুনরায় ইরানে ফেরত পাঠানো হবে।
বিশ্বজুড়ে ইরানের পারমাণবিক কার্যক্রম নিয়ে চলমান আলোচনায় রাশিয়া দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা রেখে আসছে। নতুন এই প্রস্তাবকে সম্ভাব্য সমাধানের একটি উপায় হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তবে এখন পর্যন্ত তেহরান এ বিষয়ে সম্মতি দেয়নি। বিশ্লেষকদের মতে, সার্বভৌমত্ব ও কৌশলগত নিয়ন্ত্রণের প্রশ্নে ইরান সতর্ক অবস্থানে রয়েছে।
বিজ্ঞাপন
অন্যদিকে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক আলোচনায় চূড়ান্ত কোনো সমঝোতা না হলেও কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে। ইসলামাবাদ-এ অনুষ্ঠিত বৈঠকের পর দুই পক্ষই আবারও আলোচনায় বসার সম্ভাবনা নিয়ে কাজ করছে।
সূত্র: আল জাজিরা।








