ফের বৈঠকে বসছে ইরান-যুক্তরাষ্ট্র, জানা গেল সম্ভাব্য তারিখ

টানা ৩৮ দিনের উত্তেজনাপূর্ণ সংঘাতের পর ইরান ও যুক্তরাষ্ট্রকে শান্তি আলোচনায় বসাতে মধ্যস্থতার উদ্যোগ নেয় পাকিস্তান। তবে ইসলামাবাদে অনুষ্ঠিত সেই আলোচনা কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়। এর পরপরই পরিস্থিতি আরও জটিল আকার নেয়, হরমুজ প্রণালিতে অবরোধের হুঁশিয়ারির পাশাপাশি ইরানে হামলার হুমকি দিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে ইরানও নিজেদের অবস্থানে অনড় থাকায় মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
বিজ্ঞাপন
এমন প্রেক্ষাপটে চলমান যুদ্ধবিরতির সময় শেষ হওয়ার আগেই আবারও আলোচনার টেবিলে ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান। তেহরান ও ওয়াশিংটন ইতিবাচক সাড়া দিলে আগামী বৃহস্পতিবার (১৬ এপ্রিল) এর মধ্যেই নতুন করে বৈঠক অনুষ্ঠিত হতে পারে বলে জানা গেছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের একাধিক কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এপি।
বিজ্ঞাপন
প্রতিবেদন অনুযায়ী, নাম প্রকাশ না করার শর্তে পাকিস্তানের দুজন কর্মকর্তা বলেন, ইসলামাবাদে এই বৈঠক হওয়ার সম্ভাবনা থাকলেও তা নির্ভর করছে সংশ্লিষ্ট দেশগুলোর ওপর। তারা যদি অন্য কোনো স্থানে বসার অনুরোধ জানায়, তবে স্থান পরিবর্তন হতে পারে। গণমাধ্যমের সঙ্গে কথা বলার অনুমতি না থাকায় তারা নাম প্রকাশ করেননি।
একজন কর্মকর্তা জানিয়েছেন, প্রথম দফার আলোচনা থেকে কোনো চূড়ান্ত চুক্তি আসেনি। তবে, এটি কোনো বিচ্ছিন্ন উদ্যোগ নয়; বরং চলমান কূটনৈতিক প্রক্রিয়ার একটি অংশ।
এদিকে মার্কিন সূত্র বলছে, দুই পক্ষই আলোচনা আবার শুরু করার ব্যাপারে নীতিগতভাবে একমত হয়েছে। তবে, বৈঠকের স্থান এখনো চূড়ান্ত হয়নি।
বিজ্ঞাপন
বৈঠকের জন্য আবারও পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের কথা ভাবা হচ্ছে। পাশাপাশি সুইজারল্যান্ডের জেনেভাও একটি শক্তিশালী বিকল্প হিসেবে আলোচনায় উঠে এসেছে।
রয়টার্স জানিয়েছে, ইসলামাবাদ বৈঠকের পর থেকে যুক্তরাষ্ট্র মধ্যস্থতাকারীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। পাকিস্তান এক্ষেত্রে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে বার্তার আদান-প্রদান করছে।
বিজ্ঞাপন








