Logo

যুদ্ধবিরতি ভাঙলে ট্রাম্পকে ‘অত্যন্ত বিধ্বংসী পরিণতির’ হুঁশিয়ারি দিলেন পুতিন

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৩০ এপ্রিল, ২০২৬, ১০:১০
যুদ্ধবিরতি ভাঙলে ট্রাম্পকে ‘অত্যন্ত বিধ্বংসী পরিণতির’ হুঁশিয়ারি দিলেন পুতিন
ছবি: সংগৃহীত

ইরানে চলমান উত্তেজনার মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্কবার্তা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, এই যুদ্ধবিরতি ভঙ্গ হলে তা সবার জন্যই ‘অত্যন্ত বিধ্বংসী পরিণতি’ ডেকে আনতে পারে।

বিজ্ঞাপন

বুধবার দুই নেতার মধ্যে প্রায় ৯০ মিনিটের বেশি সময় ধরে টেলিফোনে কথা হয়। এতে ইরান-যুক্তরাষ্ট্র পরিস্থিতি এবং ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান নিয়ে আলোচনা হয়।

মস্কোয় এক সংবাদ সম্মেলনে ক্রেমলিনের মুখপাত্র ইউরি উশাকভ জানান, দুই নেতার আলোচনাটি ছিল স্পষ্ট ও গুরুত্বপূর্ণ বিষয়ভিত্তিক। তিনি বলেন, ইরান ও পারস্য উপসাগরের পরিস্থিতিকে আলোচনায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

পুতিন ট্রাম্পের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন। তার মতে, এতে সংলাপের সুযোগ তৈরি হবে এবং সামগ্রিক পরিস্থিতি স্থিতিশীল হতে পারে।

তবে একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, যদি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধবিরতি ভেঙে আবার ইরানে সামরিক অভিযান শুরু করে, তাহলে এর প্রভাব শুধু ইরান বা তার আশপাশের দেশেই সীমাবদ্ধ থাকবে না; বরং পুরো বিশ্বই এর মারাত্মক পরিণতির মুখোমুখি হতে পারে।

পুতিন আরও জানান, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বিদ্যমান মতপার্থক্য সমাধানে কূটনৈতিক পথই সবচেয়ে কার্যকর। এ ক্ষেত্রে শান্তিপূর্ণ সমাধানের উদ্যোগ নিলে রাশিয়া সর্বাত্মক সহযোগিতা দিতে প্রস্তুত বলেও ট্রাম্পকে জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

এদিকে একই ফোনালাপে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বিষয়েও আলোচনা হয়। উশাকভ বলেন, ট্রাম্পের অনুরোধে ইউক্রেন পরিস্থিতির সর্বশেষ অবস্থা তুলে ধরা হয়েছে। পুতিন জানিয়েছেন, রুশ বাহিনী বর্তমানে নতুন অঞ্চল দখলের দিকে না গিয়ে আগে থেকে নিয়ন্ত্রণে থাকা এলাকাগুলোতে নিজেদের অবস্থান শক্ত করতে মনোযোগ দিচ্ছে।

সূত্র: এএফপি, এনডিটিভি ওয়ার্ল্ড

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD