Logo

মমতার আমলের দুর্নীতি তদন্ত করতে সিবিআইকে অনুমতি দিলেন শুভেন্দু

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৩ মে, ২০২৬, ২০:০৭
মমতার আমলের দুর্নীতি তদন্ত করতে সিবিআইকে অনুমতি দিলেন শুভেন্দু
ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে আলোচিত তিনটি দুর্নীতির মামলায় কেন্দ্রীয় তদন্ত সংস্থা সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (সিবিআই) তদন্তের অনুমোদন দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

বিজ্ঞাপন

বুধবার (১৩ মে) পশ্চিমবঙ্গ সরকারের সচিবালয় ‘নবান্ন’ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, শিক্ষা দপ্তর, পৌর দপ্তর এবং সমবায় দপ্তরের দুর্নীতি সংক্রান্ত মামলায় এখন থেকে সিবিআই প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম চালাতে পারবে।

শুভেন্দু অধিকারী জানান, প্রাতিষ্ঠানিক দুর্নীতির ক্ষেত্রে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে। কোনো সরকারি কর্মকর্তা দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হলে তার বিরুদ্ধে সিবিআই বা আদালত-নিযুক্ত অন্যান্য সংস্থাকে চার্জশিট দাখিলের আগে আইন অনুযায়ী অনুমোদন নিতে হয়। তার দাবি, আগের সরকার অভিযুক্তদের রক্ষায় সেই অনুমোদন আটকে রেখেছিল।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আজ আমরা তিনটি দপ্তরের ক্ষেত্রে সিবিআই তদন্তের অনুমোদন দিয়েছি। ইতোমধ্যে আদেশ জারি হয়েছে। আদালতের নির্দেশে যেসব মামলার তদন্ত চলছিল—তার মধ্যে শিক্ষা দপ্তরের শিক্ষক নিয়োগ দুর্নীতি, পৌর নিয়োগ দুর্নীতি এবং সমবায় দপ্তরের অনিয়মের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

শুভেন্দু জানান, দীর্ঘদিন ধরে যেসব কর্মকর্তাকে আড়াল করা হচ্ছিল, এবার তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার পথ খুলে গেল। অভিযোগপত্র প্রস্তুত হলে সংশ্লিষ্ট প্রক্রিয়া নিজস্ব গতিতেই এগোবে বলেও তিনি উল্লেখ করেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD