Logo

রুশ ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল কিয়েভ

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৪ মে, ২০২৬, ১৩:০৭
রুশ ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল কিয়েভ
ছবি: সংগৃহীত

কিয়েভে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। সম্ভাব্য বড় ধরনের হামলার সতর্কতার মধ্যেই শনিবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যায়।

বিজ্ঞাপন

ইউক্রেনের বিমানবাহিনীর তথ্য অনুযায়ী, স্থানীয় সময় শনিবার রাতে মধ্যপাল্লার ‘ওরেসনিক’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা শুরু করে রুশ বাহিনী। কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান তৈমুর তাকাচেঙ্কো জানান, রাজধানী বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলার মুখে পড়েছে। তিনি বাসিন্দাদের দ্রুত নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার আহ্বান জানান।

কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো বলেন, রাজধানীর একাধিক এলাকায় ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এতে বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি হতাহতের ঘটনাও ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

বিজ্ঞাপন

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক একটি ঘটনার জেরে এই হামলা চালানো হতে পারে। শুক্রবার রাশিয়ার নিয়ন্ত্রিত লুহানস্ক অঞ্চলের স্টারোব্লিসকের একটি কলেজে ড্রোন হামলার ঘটনা ঘটে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ওই ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ আখ্যা দিয়ে কঠোর জবাব দেওয়ার নির্দেশ দেন।

রুশ সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, কলেজে হামলায় ১৮ শিশুর মৃত্যু হয়েছে এবং ধ্বংসস্তূপের নিচে আরও কয়েকজন আটকে থাকতে পারেন।

তবে ইউক্রেনের সেনাবাহিনী এ অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, হামলার লক্ষ্য ছিল রুশ বাহিনীর ‘রুবিকন’ ইউনিটের সদর দপ্তর। ইউক্রেনের ভাষ্য অনুযায়ী, ইউনিটটি উন্নত সামরিক ড্রোন প্রযুক্তি উন্নয়ন ও পরিচালনার সঙ্গে জড়িত।\

বিজ্ঞাপন

সম্প্রতি রাশিয়ার অভ্যন্তর ও অধিকৃত অঞ্চলে ইউক্রেনের দূরপাল্লার হামলা বেড়েছে। এরই পাল্টা প্রতিক্রিয়া হিসেবে মস্কো কিয়েভে বড় ধরনের এই হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD