যুদ্ধ উত্তেজনার মধ্যেও হজে সৌদি গেছেন ১৫ লাখের বেশি বিদেশি

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধাবস্থা ও আঞ্চলিক উত্তেজনার মধ্যেও পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১৫ লাখের বেশি বিদেশি মুসল্লি সৌদি আরবে পৌঁছেছেন। চলমান নিরাপত্তা সংকট, বিমান চলাচলে বিঘ্ন এবং আঞ্চলিক অস্থিরতা সত্ত্বেও হজযাত্রীদের উপস্থিতি এবারও উল্লেখযোগ্য হারে বেড়েছে।
বিজ্ঞাপন
বার্তাসংস্থা এএফপি শনিবার (২৩ মে) এক প্রতিবেদনে জানিয়েছে, চলতি বছর বিদেশি হজযাত্রীর সংখ্যা গত বছরের তুলনায় বেশি হয়েছে। ফলে যুদ্ধ পরিস্থিতির মধ্যেও হজকে কেন্দ্র করে সৌদি আরবে ব্যাপক জনসমাগম তৈরি হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত ২৮ ফেব্রুয়ারি পবিত্র রমজান মাস চলাকালে দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানের ওপর হামলা চালায়। এর জবাবে ইরান পাল্টা হামলা চালিয়ে সৌদিসহ কয়েকটি আরব দেশে থাকা মার্কিন স্থাপনা ও অবকাঠামোকে লক্ষ্যবস্তু করে আঘাত হানে।
বিজ্ঞাপন
এর ফলে গোটা মধ্যপ্রাচ্যে এক ধরনের অচলাবস্থা তৈরি হয়। আঞ্চলিক নিরাপত্তা ঝুঁকির কারণে বহু আন্তর্জাতিক রুটে বিমান চলাচল ব্যাহত হয় এবং হাজার হাজার ফ্লাইট বাতিল করা হয়। এতে করে বিভিন্ন দেশের হজযাত্রীদের যাত্রাপথেও অনিশ্চয়তা দেখা দেয়।
তবে এপ্রিলের শুরুতে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে। এরপর বিভিন্ন আন্তর্জাতিক এয়ারলাইন্স সংযুক্ত আরব আমিরাত, কাতার ও বাহরাইনে পুনরায় দ্রুত ফ্লাইট পরিচালনা শুরু করে। এর ফলে সৌদি আরবে হজযাত্রীদের যাতায়াতও সহজ হতে থাকে।
বিমান চলাচলে নানা ধরনের বিঘ্ন এবং আঞ্চলিক উত্তেজনা থাকা সত্ত্বেও বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাজার হাজার মুসল্লি সৌদি আরবে জড়ো হতে শুরু করেন। প্রতিদিনই দেশটিতে বাড়ছে হজযাত্রীদের সংখ্যা।
বিজ্ঞাপন
সৌদি আরবের হজ পাসপোর্ট ফোর্সের কমান্ডার সালেহ আল-মুরাব্বা এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, বিদেশ থেকে আগত হজযাত্রীর সংখ্যা ইতোমধ্যে ১৫ লাখ ১৮ হাজার ১৫৩ জনে পৌঁছেছে।
ইসলামের অন্যতম প্রধান ইবাদত হজ আরবি বর্ষপঞ্জিকার শেষ মাস জিলহজে পালন করা হয়। শারীরিক ও আর্থিকভাবে সক্ষম মুসলমানদের জন্য জীবনে অন্তত একবার হজ পালন করা ফরজ হিসেবে বিবেচিত।
বিজ্ঞাপন
সূত্র: এএফপি








