Logo

গ্রিনকার্ডপ্রত্যাশীদের নতুন নির্দেশনা দিলো যুক্তরাষ্ট্র

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৩ মে, ২০২৬, ১৭:১৪
গ্রিনকার্ডপ্রত্যাশীদের নতুন নির্দেশনা দিলো যুক্তরাষ্ট্র
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিদেশিরা অভিবাসন স্ট্যাটাস পরিবর্তনের মাধ্যমে গ্রিন কার্ড পেতে চাইলে তাদের নিজ দেশে ফিরে আবেদন করতে হবে বলে নতুন নির্দেশনা দিয়েছে মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা (ইউএসসিআইসি)। শুক্রবার (২৩ মে) প্রকাশিত এ সিদ্ধান্ত নিয়ে বিভিন্ন মানবাধিকার ও সহায়তা সংস্থা উদ্বেগ জানিয়েছে।

বিজ্ঞাপন

ইউএসসিআইসির এক নীতিমালাবিষয়ক স্মারকে বলা হয়েছে, বিশেষ ছাড়ের প্রয়োজন আছে কি না, তা প্রতিটি আবেদন আলাদাভাবে পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। আবেদনকারীর পরিস্থিতি ও সংশ্লিষ্ট তথ্য যাচাই করেই কর্মকর্তারা চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন।

মার্কিন স্বরাষ্ট্র নিরাপত্তা দপ্তর জানিয়েছে, সাময়িক ভিসায় যুক্তরাষ্ট্রে থাকা কোনো বিদেশি যদি স্থায়ী বসবাসের অনুমতি বা গ্রিন কার্ড পেতে চান, তাহলে তাকে নিজ দেশে ফিরে গিয়ে পররাষ্ট্র দপ্তরের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

বিজ্ঞাপন

তাদের দাবি, নতুন এই নীতি অভিবাসন ব্যবস্থাকে আইনের উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রাখতে সহায়তা করবে এবং আইনের ফাঁকফোকর ব্যবহারের সুযোগ কমাবে।

তবে সিদ্ধান্তটির সমালোচনা করেছে শরণার্থী ও অভিবাসীদের সহায়তাকারী বিভিন্ন সংগঠন। এমনই একটি সংস্থা এইচআইএএস বলেছে, মানবপাচারের শিকার ব্যক্তি, নির্যাতিত নারী ও ঝুঁকিতে থাকা শিশুদের আবার সেই দেশগুলোতে ফিরে যেতে বাধ্য করা হচ্ছে, যেখান থেকে তারা নিরাপত্তাহীনতার কারণে পালিয়ে এসেছিল।

বিশ্লেষকদের মতে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অধীনে গত এক বছরে অভিবাসন নীতিতে কড়াকড়ির ধারাবাহিকতার অংশ হিসেবেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে ট্রাম্প প্রশাসন শিক্ষার্থী, সাংস্কৃতিক বিনিময় কর্মসূচির অংশগ্রহণকারী এবং বিদেশি গণমাধ্যমকর্মীদের ভিসার মেয়াদ কমানোর উদ্যোগ নেয়। চলতি বছরের জানুয়ারিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছিল, ট্রাম্প পুনরায় ক্ষমতায় আসার পর থেকে এক লাখের বেশি ভিসা বাতিল করা হয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD