Logo

আলবার্টা প্রদেশ আলাদা হওয়া নিয়ে গণভোটের পরিকল্পনা

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৩ মে, ২০২৬, ১৫:৫৩
আলবার্টা প্রদেশ আলাদা হওয়া নিয়ে গণভোটের পরিকল্পনা
ছবি: সংগৃহীত

কানাডার তেলসমৃদ্ধ প্রদেশ আলবার্টা দেশটি থেকে আলাদা হওয়ার বিষয়ে একটি গণভোট আয়োজনের পরিকল্পনা করছে। প্রাদেশিক সরকার জানিয়েছে, আগামী অক্টোবর মাসে একটি অ-বাধ্যতামূলক ভোট হতে পারে, যেখানে জনগণের মতামত নেওয়া হবে—আলবার্টা ভবিষ্যতে স্বাধীনতার সাংবিধানিক প্রক্রিয়া শুরু করবে কি না।

বিজ্ঞাপন

আলবার্টার প্রিমিয়ার ড্যানিয়েল স্মিথ বলেছেন, এটি সরাসরি কানাডা থেকে বিচ্ছিন্ন হওয়ার ভোট নয়। বরং ভবিষ্যতে আনুষ্ঠানিক স্বাধীনতা প্রশ্নে গণভোট আয়োজন করা হবে কি না, সে বিষয়ে জনমত যাচাই করাই মূল লক্ষ্য।

সাম্প্রতিক সময়ে প্রদেশটিতে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন আবারও সক্রিয় হয়েছে। আন্দোলনকারীদের দাবি অনুযায়ী, আলবার্টার স্বাধীনতার পক্ষে ইতোমধ্যে ৩ লাখের বেশি স্বাক্ষর সংগ্রহ করা হয়েছে। তবে বিভিন্ন জনমত জরিপে দেখা যাচ্ছে, এখনো প্রদেশটির প্রায় এক-তৃতীয়াংশ মানুষ কানাডা থেকে আলাদা হওয়ার পক্ষে।

বিজ্ঞাপন

এদিকে আদালত সম্প্রতি স্বাধীনতা গণভোট আয়োজনের একটি উদ্যোগ স্থগিত করেছে। আদালতের ভাষ্য অনুযায়ী, এ ধরনের পদক্ষেপের আগে আদিবাসী ফার্স্ট নেশনস সম্প্রদায়ের সঙ্গে পরামর্শ করা জরুরি।

অন্যদিকে আলবার্টার অনেক বাসিন্দা ও রাজনৈতিক মহল অভিযোগ করছে, প্রদেশটি কানাডার অর্থনীতিতে বড় অবদান রাখলেও কেন্দ্রীয় সরকার এমন নীতি গ্রহণ করে, যা তাদের প্রধান জ্বালানি খাতকে ক্ষতিগ্রস্ত করছে।

বিশ্লেষকদের মতে, আলবার্টায় স্বাধীনতার পক্ষে ক্ষোভ থাকলেও বেশিরভাগ মানুষ এখনো কানাডার অংশ হিসেবেই থাকতে চান। তাদের অনেকের মতে, এই ধরনের গণভোট অনেক সময় বিচ্ছিন্নতার চেয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে দরকষাকষির কৌশল হিসেবে ব্যবহৃত হয়।

বিজ্ঞাপন

বিশেষজ্ঞরা মনে করছেন, এ উদ্যোগ কানাডার জাতীয় রাজনীতিতে নতুন উত্তেজনা তৈরি করতে পারে। বিশেষ করে অভ্যন্তরীণ রাজনৈতিক চ্যালেঞ্জ ও আন্তর্জাতিক বাণিজ্য পরিস্থিতির মধ্যে এটি প্রধানমন্ত্রী মার্ক কার্নির সরকারের জন্য নতুন চাপ সৃষ্টি করতে পারে।

উল্লেখ্য, ২০২৫ সালের ফেডারেল নির্বাচনের পর আলবার্টার বিচ্ছিন্নতার দাবি আবারও জোরালো হয়। এরপর প্রিমিয়ার ড্যানিয়েল স্মিথ কেন্দ্রীয় সরকারের কাছে জ্বালানি নীতি, পাইপলাইন প্রবেশাধিকার, নির্গমন সীমা এবং প্রাদেশিক স্বায়ত্তশাসন নিয়ে একাধিক দাবি উত্থাপন করেন।

বিজ্ঞাপন

সূত্র: এপি, বিবিসি

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD