Logo

ভারতে ১০ দিনে তৃতীয়বারের মতো বাড়ল জ্বালানি তেলের দাম

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৩ মে, ২০২৬, ১৪:২৬
ভারতে ১০ দিনে তৃতীয়বারের মতো বাড়ল জ্বালানি তেলের দাম
ছবি: সংগৃহীত

ভারতে আবারও বেড়েছে পেট্রোল ও ডিজেলের দাম। চলতি ১০ দিনের মধ্যে এটি তৃতীয় দফা মূল্যবৃদ্ধি, যা সাধারণ ভোক্তাদের ওপর বাড়তি চাপ তৈরি করেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, রাজধানী নয়াদিল্লিতে পেট্রোলের দাম লিটারে ৮৭ পয়সা এবং ডিজেলের দাম ৯১ পয়সা বেড়েছে। এতে শনিবার থেকে সেখানে পেট্রোল বিক্রি হচ্ছে ৯৯ দশমিক ৫১ রুপি এবং ডিজেল ৯২ দশমিক ৪৯ রুপিতে।

বিজ্ঞাপন

পশ্চিমবঙ্গেও জ্বালানি তেলের দাম বেড়েছে। সেখানে পেট্রোল ৯৪ পয়সা এবং ডিজেল ৯৫ পয়সা বেড়ে কলকাতা ও আশপাশের এলাকায় পেট্রোলের দাম দাঁড়িয়েছে ১১০ দশমিক ৬৪ রুপি এবং ডিজেল ৯৭ দশমিক ০২ রুপি প্রতি লিটার।

মুম্বাইয়েও একই চিত্র দেখা গেছে। সেখানে পেট্রোল ৯০ পয়সা এবং ডিজেল ৯৪ পয়সা বেড়ে যথাক্রমে ১০৮ দশমিক ৪৯ রুপি ও ৯৫ দশমিক ০২ রুপিতে বিক্রি হচ্ছে।

বিজ্ঞাপন

এর আগে ১৫ মে এক ধাক্কায় পেট্রোলের দাম লিটারে ৩ রুপি বেড়েছিল। এরপর ১৯ মে আবারও ৯০ পয়সা বৃদ্ধি পায়। সব মিলিয়ে গত ১০ দিনে পেট্রোলের দাম প্রায় ৫ রুপি পর্যন্ত বেড়েছে।

এদিকে নয়াদিল্লি ও পার্শ্ববর্তী নয়ডা, গুরুগ্রাম, গাজিয়াবাদে কমপ্রেসড ন্যাচারাল গ্যাসের দামও লিটারে ১ রুপি করে বেড়েছে। এতে রাজধানী এলাকায় সিএনজির দাম দাঁড়িয়েছে ৮১ দশমিক ৯ রুপি এবং কিছু এলাকায় ৮৯ দশমিক ৭০ রুপি।

সিএনজি সাধারণত অটোরিকশা ও গণপরিবহনে ব্যবহৃত হয়। ফলে ভাড়া বাড়ার আশঙ্কাও দেখা দিয়েছে। তবে কলকাতায় এখনো সিএনজির নতুন দামের তথ্য পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানির সরবরাহ নিয়ে অনিশ্চয়তা এবং মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাবেই জ্বালানি তেলের দাম বাড়ছে বলে বিশ্লেষকদের ধারণা। ভারতসহ অনেক দেশই জ্বালানির বড় অংশ আমদানি করে, যার কারণে বিশ্ববাজারের ওঠানামার প্রভাব সরাসরি দেশটির বাজারে পড়ছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD