Logo

‘তেলাপোকা জনতা পার্টি’ প্রতিষ্ঠাতাকে প্রাণনাশের হুমকি

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৩ মে, ২০২৬, ১৫:৩৫
‘তেলাপোকা জনতা পার্টি’ প্রতিষ্ঠাতাকে প্রাণনাশের হুমকি
ছবি: সংগৃহীত

ভারতের আলোচিত ব্যঙ্গাত্মক অনলাইন প্ল্যাটফর্ম ‘তেলাপোকা জনতা পার্টি’র প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে প্রাণনাশের হুমকি পাওয়ার অভিযোগ করেছেন। তিনি কিছু হোয়াটসঅ্যাপ বার্তার স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশ করে এ দাবি করেন।

বিজ্ঞাপন

একটি বার্তায় লেখা ছিল, অ্যাকাউন্ট বন্ধের বিনিময়ে অর্থ দেওয়া হবে, না হলে যুক্তরাষ্ট্রেও তাকে হত্যা করা হতে পারে। আরেকটি বার্তায় বলা হয়, তার নম্বর ও ঠিকানা খুঁজে বের করা সময়ের ব্যাপার মাত্র।

দিপকে দাবি করেন, ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করে এবং নিট পরীক্ষার প্রশ্নফাঁসের বিরুদ্ধে অনলাইন স্বাক্ষর অভিযান শুরু করার পর থেকেই তিনি এ ধরনের হুমকি পাচ্ছেন। তার ওই প্রচারণায় এখন পর্যন্ত প্রায় ২ লাখ ৭৯ হাজারের বেশি স্বাক্ষর সংগ্রহ হয়েছে।

বিজ্ঞাপন

‘তেলাপোকা জনতা পার্টি’ মূলত একটি ব্যঙ্গাত্মক অনলাইন উদ্যোগ হিসেবে গত সপ্তাহে আত্মপ্রকাশ করে। ১৫ মে এক শুনানিতে ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্তের মন্তব্যকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হওয়ার পর এটি আলোচনায় আসে।

ওই শুনানিতে তিনি কিছু অনলাইন সমালোচকের প্রসঙ্গে ‘তেলাপোকার মতো’ আচরণের কথা উল্লেখ করেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দেয়। পরে তিনি ব্যাখ্যা দিয়ে বলেন, তার মন্তব্য তরুণদের উদ্দেশে নয়, বরং ভুয়া যোগ্যতা ব্যবহার করে বিভিন্ন পেশায় প্রবেশ করা কিছু ব্যক্তিকে নিয়ে ছিল।

এই বিতর্কের পর অভিজিৎ দিপকে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু করেন এবং পরে ব্যঙ্গাত্মকভাবে ‘তেলাপোকা জনতা পার্টি’ ধারণা সামনে আনেন। এরপর অনলাইন সদস্য সংগ্রহের ফরম ছড়িয়ে পড়লে বিষয়টি দ্রুত ভাইরাল হয়ে যায়।

বিজ্ঞাপন

এ ঘটনায় কিছু বিরোধী রাজনৈতিক নেতা সমর্থন জানালেও অনেকে এটিকে সাময়িক অনলাইন ট্রেন্ড বলে মন্তব্য করেন।

পরবর্তীতে নিরাপত্তাজনিত উদ্বেগের কথা উল্লেখ করে ভারতের তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় প্ল্যাটফর্মটির এক্স অ্যাকাউন্ট দেশটিতে ব্লক করে দেয়। গোয়েন্দা সংস্থার সুপারিশে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানানো হয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD