Logo

বিএসএফকে ৭২১ হেক্টর জমি হস্তান্তর পশ্চিমবঙ্গ সরকারের

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৩০ মে, ২০২৬, ১১:৫৮
বিএসএফকে ৭২১ হেক্টর জমি হস্তান্তর পশ্চিমবঙ্গ সরকারের
ছবি: সংগৃহীত

ভারত-বাংলাদেশ সীমান্তের যেসব এলাকায় এখনও কাঁটাতারের বেড়া নির্মাণ সম্পন্ন হয়নি, সেখানে নিরাপত্তা অবকাঠামো গড়ে তুলতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে ৭২১ হেক্টর জমি দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৯ মে) গুজরাটের গান্ধীনগরে এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, হস্তান্তর করা জমির মধ্যে প্রায় ৬০০ হেক্টর বাংলাদেশ-পশ্চিমবঙ্গ সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অবস্থিত। বাকি ১২১ হেক্টর রয়েছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ‘চিকেনস নেক’ অঞ্চলে।

ভারতের পাঁচটি রাজ্যের সঙ্গে বাংলাদেশের স্থলসীমান্ত রয়েছে—পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয় ও মিজোরাম। এর মধ্যে পশ্চিমবঙ্গের সীমান্তই সবচেয়ে দীর্ঘ এবং বাংলাদেশের ১০টি জেলার সঙ্গে এ রাজ্যের সীমান্ত সংযোগ রয়েছে।

বিজ্ঞাপন

দীর্ঘদিন ধরে সীমান্তের অধিকাংশ অংশে কাঁটাতারের বেড়া থাকলেও কিছু এলাকায় এখনো নিরাপত্তা অবকাঠামোর ঘাটতি ছিল। এসব এলাকায় বেড়া নির্মাণের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় পূর্ববর্তী রাজ্য সরকারের কাছে জমি চাইলেও নানা প্রশাসনিক ও আইনি জটিলতায় তা বাস্তবায়ন হয়নি বলে জানা যায়।

সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে বিজেপি সরকার গঠনের পর মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন শুভেন্দু অধিকারী। শপথ গ্রহণের অল্প সময়ের মধ্যেই সীমান্ত নিরাপত্তা জোরদারের উদ্যোগ হিসেবে বিএসএফের কাছে প্রয়োজনীয় জমি হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে বলে জানান অমিত শাহ।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, নতুন রাজ্য সরকার দায়িত্ব গ্রহণের মাত্র এক সপ্তাহের মধ্যেই জমি হস্তান্তরের পদক্ষেপ নেওয়ায় সীমান্ত সুরক্ষা কার্যক্রম আরও দ্রুত এগিয়ে নেওয়া সম্ভব হবে।

সূত্র: এনডিটিভি

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD