মোদীকে ‘গুন্ডা’ বলায় মুসলিম বৃদ্ধকে মারধর, কানও ধরালো পুলিশ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সম্পর্কে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে মিরাটে এহসান নামের এক মুসলিম বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে।
বিজ্ঞাপন
জানা গেছে, ঈদুল আজহার দিন একটি স্থানীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এহসান উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীকে ‘গুন্ডা মুখ্যমন্ত্রী’ বলে মন্তব্য করেন। পরে প্রধানমন্ত্রী সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘মোদী সবচেয়ে বড় গুন্ডা।’
সাক্ষাৎকারে তিনি ‘বন্দে মাতরম’ গাওয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করেন এবং ধর্মীয় অনুভূতির প্রসঙ্গ তুলে বক্তব্য দেন। ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর পুলিশ তার বিরুদ্ধে মামলা দায়ের করে।
বিজ্ঞাপন
পরদিনই তাকে গ্রেফতার করা হয়। পরে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, দুই পুলিশ সদস্য তাকে ধরে নিয়ে যাচ্ছেন এবং তিনি দুই কান ধরে হাঁটছেন। ভিডিওটি প্রকাশের পর পুলিশের আচরণ নিয়েও সমালোচনা শুরু হয়।
এদিকে একই দিনে মিরাটে পুনিত নামের এক যুবকের বিরুদ্ধে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টির উদ্দেশ্যে নিজের বাড়ির সামনে মাংসের ব্যাগ রেখে মিথ্যা অভিযোগ করার ঘটনা সামনে আসে। এলাকার নজরদারি ক্যামেরার ফুটেজে অভিযোগটি সাজানো বলে প্রমাণিত হলেও তাকে গ্রেফতার না করে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে।
বিজ্ঞাপন
এ ঘটনায় স্থানীয় মানবাধিকারকর্মী ও বাসিন্দাদের একাংশ আইন প্রয়োগে বৈষম্যের অভিযোগ তুলেছেন। তাদের দাবি, দুই ঘটনায় পুলিশের ভিন্ন আচরণ নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে।
সূত্র: মুসলিম মিরর ও সিয়াসাত ডেইলি।








