গ্রিনকার্ড নীতিতে ইউ-টার্ন ট্রাম্প প্রশাসনের, সবাইকে দেশ ছাড়তে হবে না

যুক্তরাষ্ট্রে গ্রিনকার্ড আবেদনের নিয়ম নিয়ে সাম্প্রতিক বিতর্কের মধ্যে আগের অবস্থান থেকে কিছুটা সরে এসেছে মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয় (ডিএইচএস)। এখন আর সব আবেদনকারীকে নিজ দেশে ফিরে গিয়ে গ্রিনকার্ডের আবেদন করতে হবে না বলে জানিয়েছে সংস্থাটি।
বিজ্ঞাপন
ডিএইচএসের একজন মুখপাত্র মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসকে বলেন, গত ২২ মে জারি করা নির্দেশনার উদ্দেশ্য ছিল অভিবাসন কর্মকর্তাদের তাদের বিবেচনামূলক ক্ষমতার বিষয়টি স্মরণ করিয়ে দেওয়া। এটি কোনো সর্বজনীন বা বাধ্যতামূলক নীতি পরিবর্তন ছিল না।
এর আগে ২২ মে মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা (ইউএসসিআইএস) জানিয়েছিল, অস্থায়ী ভিসাধারীরা চাইলে নিজ দেশে ফিরে মার্কিন দূতাবাসের মাধ্যমে গ্রিনকার্ডের আবেদন করতে পারবেন। ওই ঘোষণার পর অনেকের মধ্যে আশঙ্কা তৈরি হয় যে, যুক্তরাষ্ট্রে অবস্থানরত সব আবেদনকারীকে বাধ্যতামূলকভাবে দেশে ফিরতে হবে।
বিজ্ঞাপন
তবে নতুন ব্যাখ্যায় ডিএইচএস জানিয়েছে, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও যারা যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন অথবা যেসব দেশের নাগরিকরা সরকারি সহায়তার ওপর বেশি নির্ভরশীল— মূলত তাদের ক্ষেত্রেই এই নির্দেশনা প্রযোজ্য হতে পারে।
গ্রিনকার্ড হলো যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস ও কাজ করার অনুমতিপত্র। এটি সরাসরি নাগরিকত্ব না দিলেও মার্কিন নাগরিক হওয়ার পথে একটি গুরুত্বপূর্ণ ধাপ।
ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পর অভিবাসন নীতিতে কঠোর অবস্থান নিয়েছেন। গত দেড় বছরে বিপুলসংখ্যক অনথিভুক্ত অভিবাসী ও মেয়াদোত্তীর্ণ ভিসাধারীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। বিশ্লেষকদের মতে, গ্রিনকার্ড আবেদন প্রক্রিয়ায় পরিবর্তনের মূল লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদোত্তীর্ণ ব্যক্তিদের সংখ্যা কমানো।
বিজ্ঞাপন
তবে এ সিদ্ধান্তের বিরুদ্ধে শুরু থেকেই ডেমোক্রেটিক পার্টির আইনপ্রণেতা ও অভিবাসন আইনজীবীরা সমালোচনা করে আসছেন। তাদের মতে, বাধ্যতামূলকভাবে দেশে ফিরে আবেদন করার নিয়ম কার্যকর হলে পরিবার বিচ্ছিন্ন হওয়ার পাশাপাশি আবেদনকারীদের ব্যয়ও উল্লেখযোগ্যভাবে বেড়ে যেত।
সর্বশেষ অবস্থান অনুযায়ী, কোনো আবেদনকারীকে গ্রিনকার্ডের জন্য নিজ দেশে ফিরে যেতে হবে কি না, তা সংশ্লিষ্ট অভিবাসন কর্মকর্তার মূল্যায়ন ও সিদ্ধান্তের ওপর নির্ভর করবে। ফলে আগের আশঙ্কার মতো সবার জন্য একই নিয়ম কার্যকর হচ্ছে না।








