আমরাও ভারতের জমি দখল করে রেখেছি: বালেন্দ্র শাহ

ভারতের সঙ্গে চলমান সীমান্ত বিরোধ নিয়ে নতুন বক্তব্য দিয়েছেন vর প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। তিনি বলেছেন, শুধু ভারত নয়, নেপালও ভারতের কিছু ভূখণ্ড নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে। ফলে সীমান্ত ইস্যুকে একতরফা দৃষ্টিতে দেখার সুযোগ নেই।
বিজ্ঞাপন
রবিবার (৩১ মে) নেপালের পার্লামেন্টে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন।
বালেন্দ্র শাহ বলেন, দায়িত্ব গ্রহণের পর তিনি আনুষ্ঠানিকভাবে জানতে পেরেছেন যে সীমান্তসংক্রান্ত বিরোধ দুই দেশের ক্ষেত্রেই বিদ্যমান। তাই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা ও পর্যালোচনার প্রয়োজন রয়েছে বলে তিনি মনে করেন।
বিজ্ঞাপন
সীমান্ত সমস্যার সমাধানে যুক্তরাজ্যের সম্পৃক্ততারও আহ্বান জানিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী। তার মতে, এই বিরোধের ঐতিহাসিক সূত্র ব্রিটিশ শাসনামলে নিহিত, তাই বিষয়টি নিষ্পত্তিতে যুক্তরাজ্যের ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে।
তিনি জানান, নেপাল ইতোমধ্যে ভারত, চীন এবং যুক্তরাজ্যের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করেছে। কূটনৈতিক আলোচনার মাধ্যমেই দীর্ঘদিনের এই বিরোধের সমাধান চায় কাঠমান্ডু।
ভারত-নেপাল সীমান্ত বিরোধের অন্যতম কেন্দ্র লিপুলেখ, লিম্পিয়াধুরা ও কালাপানি অঞ্চল। নেপালের দাবি, ১৮১৬ সালের সুগৌলি চুক্তি অনুযায়ী এসব এলাকা তাদের ভূখণ্ডের অংশ। অন্যদিকে ভারত ঐতিহাসিক ও প্রশাসনিক বাস্তবতার ভিত্তিতে সেই দাবি মেনে নেয়নি। দেশটি লিপুলেখকে দীর্ঘদিনের স্বীকৃত তীর্থযাত্রার পথ হিসেবেও উল্লেখ করে আসছে।
বিজ্ঞাপন
এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আগেও জানিয়েছে, সীমান্ত ইস্যুতে তাদের অবস্থান স্পষ্ট এবং পারস্পরিক আলোচনার মাধ্যমেই সংশ্লিষ্ট সমস্যাগুলোর সমাধান সম্ভব।
নেপালের প্রধানমন্ত্রীর সাম্প্রতিক মন্তব্যের পর দক্ষিণ এশিয়ার আঞ্চলিক কূটনীতি ও সীমান্ত রাজনীতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।








